হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে সাতটি ইসলামি দলের নতুন জোট, সামনে স্থানীয় সরকার নির্বাচন

কওমি মাদ্রাসাকেন্দ্রিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ২২ অক্টোবর সাতটি ইসলামি দল একটি নতুন জোট গঠন করেছে।
জোটের দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট (রাজী), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বলা হচ্ছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই জোট গঠন করা হয়েছে। আইন অনুযায়ী স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, অর্থাৎ দলগতভাবে কাউকে মনোনয়ন দেওয়া যাবে না; তবে স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ না থাকলেও সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে।
এই সাতটি দলের মধ্যে কয়েকটি দল জামায়াতে ইসলামীর ১১ দলীয় ঐক্য এবং বিএনপির জোটেও রয়েছে।
বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজন নেতার সঙ্গে আলাপ হয়েছে। তাঁরা মনে করেন, হেফাজতের মধ্যস্থতায় সাতটি রাজনৈতিক দলের নতুন এই জোট শুধু আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নয়; এর পেছনে সাম্প্রতিক বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির আরও কিছু বাস্তবতা রয়েছে, যদিও সেটি তাঁরা পরিষ্কার করে বলেননি।
ওই নেতারা মনে করেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, সেই দল ও সংগঠনগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি। রাজনৈতিক মত ও পথ ভিন্ন হলেও কিছু বিষয়ে ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং সেজন্য একটি অভিন্ন প্ল্যাটফর্ম থাকা দরকার—এই প্রেক্ষাপটে হেফাজতে ইসলাম এই প্রক্রিয়ায় ‘মুরুব্বির’ ভূমিকা পালন করছে বলে আলোচনায় উঠে এসেছে।




