ঝিনাইদহে ১১ দলীয় জোটের লংমার্চের সব প্রস্তুতি শেষ, ২ লাখ মানুষের সমাগম হতে পারে: আলী আজম

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেছেন, ‘চাঁদাবাজ বললেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে। নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। ফলে ৭ দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি দেওয়া হয়েছে।’
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকার দলীয় কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আলী আজম বলেন, ‘৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ঝিনাইদহ ১১ দলীয় জোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লংমার্চ কর্মসূচিতে ২ লাখ মানুষের সমাগম হতে পারে।’
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ১১ দলীয় ঐক্যের নেতারা ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা শেষে কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দেবেন।
ঝিনাইদহে বিকেল ৫টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ হবে। এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্নেল অলি আহমেদ (অব.), খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




