চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

চট্টগ্রামে কার্গো বোটে করে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে এবং চোরাচালানে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।
শুক্রবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালান। তল্লাশিতে বোটে করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট পাওয়া যায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়েছে। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



