…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

‘ছেলে সাঁতার জানত, ধাওয়ার মুখে নদীতে ঝাঁপের কথা বিশ্বাসযোগ্য নয়’—তাহসিফের বাবার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
‘ছেলে সাঁতার জানত, ধাওয়ার মুখে নদীতে ঝাঁপের কথা বিশ্বাসযোগ্য নয়’—তাহসিফের বাবার প্রশ্ন
ছবি: সংগৃহীত

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি সাঁতার জানতেন; পাইলট প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের বিশেষ কোর্স করে সনদও পেয়েছিলেন তিনি। তাই পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ছোট ভাই দীপের দেওয়া ‘ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দেওয়ার’ তথ্য মানতে নারাজ তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। তার দাবি, ছেলের মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া বক্তব্যে এনায়েতুল করিম বলেন, ‘না না, এ ধরনের কিছু হতে পারে না। কেন তাকে ধাওয়া দিতে যাবে? এগুলো বাজে কথা, প্রশ্নই আসে না। আমার ছেলে সাঁতার জানত। ও তো পাইলট। ওদের সুইমিংয়ের কোর্স করা এবং তার ওপর সার্টিফিকেট আছে। সাঁতারের ওপর বড় ধরনের কোর্স করা আছে আমার ছেলের।’

ঘটনা আড়াল করা কিংবা কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে তো এটাই মনে হয়। তো আর ওকে ধাওয়া দেবে কেন লোকজন, কেন তাকে কেউ ধাওয়া দেবে? ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে।’

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে ছোট ভাই দীপের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন। ওই দীপকেই জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থলে) কথা বলছিলাম। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর আমি পালিয়ে আসি।’

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চাননি তিনি।

এদিকে তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার অধীন মাজার বস্তি এলাকা থেকে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এক বার্তায় জানান, নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে; এটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, দীপের দেখানো মতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নম্বর প্লেট না থাকায় এর মালিকানা যাচাই করা হচ্ছে। তাহসিফ বাসা থেকে যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন, সেটিও নম্বর প্লেটবিহীন বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

বুধবার বিকেলে উত্তরখান থানার অধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল উদ্ধারের স্থানটি টঙ্গী পশ্চিম থানার অধীন; তবে দুটি স্থানের সঙ্গেই তুরাগ নদের সংযোগ রয়েছে।

এনায়েতুল করিমের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় দীপের ফোন পাওয়ার পর বাসা থেকে বের হয়েছিলেন তার ছেলে। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে বাসায় ফেরার কথা জানান তাহসিফ। বার্তা পাওয়ার পর থেকে তাহসিফের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে বৃহস্পতিবার দুপুরে জানান তার বাবা।

শুরু থেকেই ছেলেকে হত্যার অভিযোগ করে আসছেন এনায়েতুল করিম। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করতে প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

পিবিআই মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান বলেন, ‘আমরা দীপকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে দেখছি। তারা কেন সেখানে গিয়েছিলেন; তাকে কেউ হত্যা করেছে নাকি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা—এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। এখন পর্যন্ত যেসব উত্তর পাওয়া গেছে, সেগুলো যাচাই করা প্রয়োজন। আপাতত আমরা তদন্ত করছি; রহস্য উদ্ঘাটন হলে পরে জানানো হবে।’

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা মজনু সরকার জয়পুরহাট সীমান্তে ধানখেত থেকে আটক
আইন ও অপরাধ

গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা মজনু সরকার জয়পুরহাট সীমান্তে ধানখেত থেকে আটক

ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পাননি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)।…

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮
আইন ও অপরাধ

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের পথে ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

চট্টগ্রামে কার্গো বোটে করে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে এবং চোরাচালানে ব্যবহৃত …

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে
আইন ও অপরাধ

আশুলিয়ার ধলপুরে বিরোধের জেরে গুলি, হাঁটুতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে

ঢাকার আশুলিয়ায় গুলিতে সাইদুর রহমান (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।…

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪
আইন ও অপরাধ

ঢাকার ধানমন্ডিতে ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৪

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পু…