বাংলা একাডেমিতে ঐতিহ্য বুক কার্নিভালের সময় বাড়ল আরও সাত দিন

সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলমান ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৬’-এর সময় আরও সাত দিন বাড়ানো হয়েছে। পাঠকদের ভালোবাসা ও ব্যাপক আগ্রহের কথা বিবেচনা করে ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও কার্নিভালটি এখন চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশনা সংস্থা ঐতিহ্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংস্থাটি জানায়, বইপ্রেমীদের অনুরোধ ও বইয়ের সঙ্গে আরও কিছুটা সময় কাটানোর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই কার্নিভালের মেয়াদ বাড়ানো হয়েছে। আয়োজনটি শুরু হয়েছিল গত ১৫ অক্টোবর।
‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যে আয়োজিত এই কার্নিভালের লক্ষ্য পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে সাহিত্য ও সৃজনশীলতার নিবিড় সংযোগ গড়ে তোলা।
ঐতিহ্য জানিয়েছে, বইপাঠ, লেখালেখি, সাহিত্যবিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশে সাহিত্য ক্লাবগুলোর ভূমিকা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত তরুণদের একত্র করার মধ্য দিয়ে বই, পাঠক ও প্রকাশনা জগতের মধ্যে যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয় এই আয়োজনে।
ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, “গত বছর ঐতিহ্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হয় ঐতিহ্য বুক কার্নিভাল। এখানে শুধু বই বিক্রি লক্ষ্য নয়, বইয়ের সঙ্গে যারা কাজ করেন তাদের উৎসাহ দেওয়া, বইয়ের সমাজ গড়ে তোলতেই এই আয়োজন।”
কার্নিভালে প্রতিদিনই থাকছে বিষয়ভিত্তিক নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, শিশুদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা, শিশুদের চিত্রপ্রদর্শনী, টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি কর্মশালা, ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছপরিচিতি, একক নাটক ‘শহীদ কাদরী’ এবং সংগীতসন্ধ্যা।
এসব আয়োজনের পাশাপাশি প্রতিদিনই থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। বর্ধিত সময়সূচি অনুযায়ী কার্নিভাল চলবে ৭ নভেম্বর পর্যন্ত।




