নর্থ বেঙ্গল চিনিকলে মাড়াই মৌসুম শুরু, লক্ষ্য ১ লাখ ৮০ হাজার টন আখ থেকে ১১ হাজার ৭০০ টন চিনি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে মিলের কেইন ক্যারিয়ারে আখ ফেলে আনুষ্ঠানিকভাবে মৌসুমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলসসহ দেশের চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তারা এখনো ভেতরে ভেতরে ফ্যাসিবাদের লক্ষ্য বাস্তবায়নে তৎপর রয়েছে। উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে ঘাপটি মেরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের চিনিশিল্পকে এগিয়ে নিতে এবং চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়াসহ মিলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব আখ থেকে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
আখ থেকে চিনি আহরণের হার বা রিকভারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।
নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মিল কর্তৃপক্ষ।



