…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › লাইফস্টাইল › খবর
লাইফস্টাইল

বরফ নয়, সাদা পাথরের ধাপ: তুরস্কের ‘তুলোর দুর্গ’ পামুক্কালে যেভাবে ঘুরে দেখবেন

নিজস্ব প্রতিবেদক
বরফ নয়, সাদা পাথরের ধাপ: তুরস্কের ‘তুলোর দুর্গ’ পামুক্কালে যেভাবে ঘুরে দেখবেন
ছবি: সংগৃহীত

বরফের মতো সাদা পাহাড়ের ধাপ, তার মাঝে নীলাভ জল আর উষ্ণ প্রস্রবণ—দূর থেকে দেখলে মনে হবে রূপকথার কোনো রাজ্য। তুরস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পামুক্কালে প্রকৃতির এমনই এক বিস্ময়। তুর্কি ভাষায় পামুক্কালে শব্দের অর্থ ‘তুলোর দুর্গ’।

খনিজসমৃদ্ধ জলের প্রভাবে তৈরি সাদা ট্রাভারটিন পাথরের ধাপগুলোই এই জায়গার প্রধান আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাচীন ইতিহাসের টানেও প্রতি বছর এখানে ভিড় করেন পর্যটকেরা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও রয়েছে এই জায়গা।

পামুক্কালের পাশেই রয়েছে প্রাচীন হিয়েরাপোলিস শহর। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে গড়ে ওঠা এই শহর একসময় ছিল গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র। প্রাচীন গ্রিকদের বিশ্বাস ছিল, এখানকার মাটির নিচ থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাসের কারণে এই অঞ্চল পাতালপুরীতে প্রবেশের পথ; গ্রিক ভূগোলবিদ স্ট্রাবো জায়গাটিকে ‘নরকের প্রবেশদ্বার’ বলেও উল্লেখ করেছিলেন। সময়ের সঙ্গে যুদ্ধ, ভূমিকম্প ও নানা বিপর্যয়ে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়, আর বর্তমানে তার বহু ঐতিহাসিক নিদর্শন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।

পামুক্কালে বেড়াতে গেলে সাদা পাথরের ধাপ ধরে খালি পায়ে হাঁটা এবং উষ্ণ জলে পা ডুবিয়ে সময় কাটানোর অভিজ্ঞতা নেওয়া যায়। সূর্যাস্তের সময় সোনালি আলোয় সাদা পাহাড়ের রং বদলে যায়, যা জায়গাটিকে আরও মনোরম করে তোলে।

কাছেই রয়েছে ক্লিওপেট্রার পুল। জনশ্রুতি, মিশরের রানি ক্লিওপেট্রা এই পুলে স্নান করেছিলেন। জলের নিচে ডুবে থাকা প্রাচীন রোমান স্তম্ভের মাঝে সাঁতার কাটার সুযোগও রয়েছে এখানে। আকাশ থেকে পামুক্কালের সৌন্দর্য দেখতে চাইলে বেছে নেওয়া যায় হট এয়ার বেলুন কিংবা প্যারাগ্লাইডিং।

প্রাচীন স্থাপত্যের প্রতি আগ্রহ থাকলে ঘুরে দেখা যায় হিয়েরাপোলিসের রোমান প্রেক্ষাগৃহ। একসময় ১০ হাজারেরও বেশি দর্শক এখানে বসে অনুষ্ঠান দেখতেন। সম্রাট হ্যাড্রিয়ানের আমলে নির্মিত এই প্রেক্ষাগৃহের দেওয়ালে পৌরাণিক কাহিনি ও দেবদেবীদের নানা দৃশ্য খোদাই করা রয়েছে। এছাড়া দেনিজলি হিয়েরাপোলিস প্রত্নতাত্ত্বিক জাদুঘরে প্রাচীন রোমান স্নানাগার, শরীরচর্চার কেন্দ্র ও গ্রন্থাগারের ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া যায়।

ভ্রমণের পাশাপাশি কেনাকাটারও সুযোগ রয়েছে পামুক্কালে ও আশপাশের এলাকায়। দেনিজলি শহর বিখ্যাত সুতির কাপড়ের জন্য—এখানকার বুলদান কাপড়ের তোয়ালে, বাথরোব এবং হাতে তৈরি গৃহস্থালির সামগ্রী পর্যটকেরা স্মারক হিসেবে কিনতে পারেন। অনিক্স পাথর ও মার্বেলের তৈরি ফুলদানি, ছোট মূর্তি এবং কাচের তৈরি মোরগের প্রতিকৃতিও স্থানীয় দোকানগুলোতে পাওয়া যায়। খাবারের তালিকায় রাখা যায় তুর্কি কাবাব, পিদে ও মিষ্টি বাকলাভা।

পামুক্কালে ঘোরার জন্য সাধারণত দেনিজলি শহরকে যাতায়াতের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়। সেখান থেকে বাস, মিনিবাস ও শাটলে প্রায় ২০ কিলোমিটার দূরের এই পর্যটনস্থলে পৌঁছনো যায়। ইজমির, আনতালিয়া ও আঙ্কারার মতো শহর থেকেও দেনিজলির সঙ্গে বাস যোগাযোগ রয়েছে; তুলনামূলক আরামদায়ক যাত্রার জন্য ট্রেনও বেছে নেওয়া যায়।

এপ্রিল থেকে জুন মাস পামুক্কালে বেড়ানোর উপযুক্ত সময়—এ সময় আবহাওয়া বেশ মনোরম থাকে এবং পর্যটকদের ভিড়ও তুলনামূলক কম থাকে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত পর্যটনস্থলটি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। এক দিনের সফরে মূল আকর্ষণগুলো ঘুরে দেখা সম্ভব হলেও রাত কাটালে ভিড় কমার পর আশপাশের নিরিবিলি পথ ও উষ্ণ প্রস্রবণগুলো উপভোগ করার সুযোগ মেলে।

লাইফস্টাইল বিভাগের আরও খবর

কুড়ি-ত্রিশেই চুল পাকা ও পাতলা হওয়া শুধু জিনের কারণে নয়, জড়িত জীবনযাত্রাও
লাইফস্টাইল

কুড়ি-ত্রিশেই চুল পাকা ও পাতলা হওয়া শুধু জিনের কারণে নয়, জড়িত জীবনযাত্রাও

বয়স মাত্র ২০ বা ৩০-এর কোঠায়। অথচ আয়নায় তাকালেই নজরে পড়ছে দু-একটি রুপালি চুল। বন্ধুদের চুল যখন ঘন ও কালো, তখন নিজের মাথায় অসময়ে পাকা চুল বা চুল …

ঘরোয়া উপকরণে ব্ল্যাক পেপার চিকেন: গোলমরিচের ঝাঁঝে রেস্তোরাঁর ধাঁচের পদ
লাইফস্টাইল

ঘরোয়া উপকরণে ব্ল্যাক পেপার চিকেন: গোলমরিচের ঝাঁঝে রেস্তোরাঁর ধাঁচের পদ

ঝাল-মশলাদার চিকেন যারা পছন্দ করেন, তাদের জন্য ঘরে বানানো যায় ব্ল্যাক পেপার চিকেন। গোলমরিচের ঝাঁঝ, রসুনের গন্ধ আর মশলার মিশেলে তৈরি এই পদ গরম ভাত, রুট…

লাইফস্টাইল

আফতাবনগর ও উত্তর বাড্ডায় বিনামূল্যে মোবাইল ও মোটরসাইকেল সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মোবাইল ফোন ও মোটরসাইকেল সার্ভিসিং সেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ হাজ…