আজ বেলা ১১টায় এইচএসসির ফল, তার আগেই ফেসবুকে ছড়ানো ৫৩.২৩ শতাংশ পাসের হারের দাবি ভুয়া

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের আগেই পাসের হার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ৫৩ দশমিক ২৩ শতাংশ পাসের হার উল্লেখ করে তথ্যটি প্রচার করা হচ্ছে। ‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩ দশমিক ২৩ শতাংশ’ শিরোনামে অর্ধশতাধিক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ফটোকার্ড ও লিখিত পোস্টের মাধ্যমে এই দাবি ছড়ানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রকাশের আগে এ ধরনের তথ্য জানার সুযোগ নেই। দেশের ১১টি শিক্ষা বোর্ড ফলাফল চূড়ান্ত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায়, পরে সব বোর্ডের ফল একত্র করে সামগ্রিক ফলাফল চূড়ান্ত করা হয়।
কর্মকর্তারা আরও জানান, ফলে ১১টি বোর্ডের সম্মিলিত ফলাফলের তথ্য একসঙ্গে কারও কাছে থাকার কথা নয়। ফল প্রকাশের আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফলাফলের তথ্য থাকলেও তা কঠোর গোপনীয়তায় সংরক্ষণ করা হয়, এবং আনুষ্ঠানিক প্রকাশের আগে পাসের হারসহ কোনো তথ্য জানার সুযোগ নেই বললেই চলে।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলের স্ক্রলের নামে তৈরি ভুয়া স্ক্রিনশট থেকে এই তথ্য ছড়ানোর শুরু। ওই স্ক্রিনশটে লেখা ছিল, ‘সর্বশেষ আগামী ৩১শে অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৫৩.২৩%’।
পরে সময় টিভির নাম ব্যবহার করে স্ক্রিনশটটি ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রচার করা হয়। কেউ স্ক্রিনশট দিয়ে ফটোকার্ড তৈরি করেছেন, আবার কেউ লিখিত পোস্টের মাধ্যমে একই দাবি ছড়াচ্ছেন।
তবে ফল প্রকাশের আগে প্রচারিত ৫৩ দশমিক ২৩ শতাংশ পাসের হারের তথ্যের কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি। তাই আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে এ ধরনের প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
মোবাইল ফোনে ফল জানতে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘HSC DHA 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠানোর কথা বলা হয়েছে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।



