সাজেক সড়কে দশম দিনের অবরোধ, রোববার এক দিনের জন্য শিথিল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা দশম দিনের মতো অবরোধ চলছে। তবে রোববার (১ নভেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল করেছে অবরোধকারীরা।
গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের এই অবরোধের ডাক দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। অবরোধের সমর্থনে সাজেক সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে আগুন দিয়েছেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এক দিনের এই শিথিলতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ জনগণের মৌলিক প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে ১ নভেম্বর এক দিনের জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই শিথিলতা সাময়িক—রবিবারের পর থেকে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পুনরায় অব্যাহত থাকবে।
তিন দফা দাবিসহ বিভিন্ন দাবি আদায়ের কর্মসূচির অংশ হিসেবেই গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
অবরোধের কারণে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। এতে পর্যটন ব্যবসা, স্থানীয় মানুষের যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে ভোগান্তি তৈরি হয়েছে।
অবরোধ দীর্ঘায়িত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের খাদ্য ও ওষুধ সরবরাহ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।




