…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পীরগঞ্জের গুর্জিপাড়া বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র ৬ জন, শিক্ষক-কর্মচারী ১১

নিজস্ব প্রতিবেদক
পীরগঞ্জের গুর্জিপাড়া বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র ৬ জন, শিক্ষক-কর্মচারী ১১
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

বিদ্যালয়ের নথিপত্রে শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন এবং শিক্ষক-কর্মচারী ১১ জন দেখানো হলেও সরেজমিনে দেখা গেছে, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ জন এবং শিক্ষক-কর্মচারী ছিলেন ৮ জন।

গত সপ্তাহে বিদ্যালয়টিতে গেলে গণমাধ্যমকর্মীর উপস্থিতি টের পাওয়ার আগেই বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সটকে পড়েন অফিস সহায়ক।

সেখানে গিয়ে দেখা যায়, প্রধান ফটক ছাড়াও প্রধান শিক্ষকের কক্ষটি তালাবদ্ধ রয়েছে। ডিজিটাল শিক্ষার জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা ল্যাপটপগুলোও প্যাকেটবন্দি অবস্থায় পড়ে আছে।

শিক্ষার্থীদের উপস্থিতি ও হাজিরা খাতা দেখতে চাইলে দায়িত্বরত শিক্ষকেরা জানান, খাতাটি প্রধান শিক্ষক নিজের কক্ষে রেখে তালাবদ্ধ করে গেছেন।

ওই সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরে ছবি, শরীরচর্চা শিক্ষক এবং প্রধান শিক্ষকের স্বামী—কাউকেই পাওয়া যায়নি।

বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক-কর্মচারী নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করলেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের বাস্তব চিত্র অত্যন্ত হতাশাজনক বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার ফলাফলও উদ্বেগের জন্ম দিয়েছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী পাস করে। একইভাবে ২০২৬ সালেও এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র একজন।

বছরের পর বছর ধরে শিক্ষার্থী সংকট চললেও শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে এবং শিক্ষার মান উন্নয়নে কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বালিকা বিদ্যালয় এলাকার মেয়েদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষার পরিবেশ ভালো না থাকায় অভিভাবকেরা তাঁদের সন্তানদের এই স্কুলে পাঠাতে চান না।

আব্দুল খালেক বলেন, প্রতিষ্ঠানে ৮ জন শিক্ষকের মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য। প্রধান শিক্ষিকার স্বামী শরীরচর্চার শিক্ষক, ভাই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ভাইয়ের মেয়ে আয়া। প্রতিষ্ঠানটি একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় শিক্ষার মান তলানিতে ঠেকেছে বলে তিনি অভিযোগ করেন।

আরেক স্থানীয় বাসিন্দা মাইদুল ইসলাম বলেন, শিক্ষার্থী সংকট দীর্ঘদিন ধরে চললেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে নামমাত্র প্রতিষ্ঠানটি জিইয়ে রাখা হয়েছে। বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ার আগেই প্রশাসনিক তদন্ত ও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে ছবির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন তাঁর স্বামী ও শরীরচর্চা শিক্ষক মাহফুজার রহমান ওরফে ফাইন। তিনি বলেন, ‘আমরা জেলা পরিষদে আছি।’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের কী করার আছে করেন। আমি কিছু বলতে পারব না।’

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং অনিয়মের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, তিনি দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই বিদ্যালয়ের অনিয়মের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানের সবাই ফেল: ১৩৯ পরীক্ষার্থীর একজনও পাস করেনি এইচএসসিতে

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর পাশাপাশি মাদরা…

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা
শিক্ষা

ময়মনসিংহে এইচএসসির ফল ঘোষণার দিনেও ফাঁকা কলেজ ক্যাম্পাস, ঘরে বসেই ফল জানলেন শিক্ষার্থীরা

সারা দেশের মতো ময়মনসিংহেও শনিবার (৩১ অক্টোবর) নির্ধারিত সময়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তবে ফল প্রকাশের দিনেও নগরীর কলেজ ক্যা…

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল, কারণ দর্শানোর নোটিশ দেবে প্রশাসন
শিক্ষা

সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল, কারণ দর্শানোর নোটিশ দেবে প্রশাসন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। ফলাফল বিশ্লেষণে এ চিত…

পটুয়াখালীর মির্জাগঞ্জে আট শিক্ষকের কলেজে একমাত্র পরীক্ষার্থীও ফেল, ২৪ বছরেও হয়নি পাকা ভবন
শিক্ষা

পটুয়াখালীর মির্জাগঞ্জে আট শিক্ষকের কলেজে একমাত্র পরীক্ষার্থীও ফেল, ২৪ বছরেও হয়নি পাকা ভবন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা গে…