সিরাজগঞ্জে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই ফেল, কারণ দর্শানোর নোটিশ দেবে প্রশাসন

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জ জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
শূন্য পাসের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাঁচটি মাদ্রাসা, একটি টেকনিক্যাল কলেজ এবং একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলের শ্যামপুর কাজী ইসমাইল হোসেন আলিম মাদ্রাসা থেকে এবার আটজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি।
রায়গঞ্জ উপজেলার আমসারা ইসলামিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ২১ জন এবং একই উপজেলার তেলিজানা আলিম মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এই দুই প্রতিষ্ঠান থেকেও কোনো শিক্ষার্থী পাস করেননি।
তাড়াশ উপজেলার দোবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৪ জন এবং উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি আলিম মাদ্রাসা থেকে ১৪ জন পরীক্ষায় বসেছিলেন। তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেন। শহরের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেন মাত্র একজন। এই দুই প্রতিষ্ঠানেরও কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, কলেজে শিক্ষার্থী না থাকায় এবার একজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাকি ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, সেসব প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




