১৬ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে, জামালপুরে বললেন শিবির নেতা সিবগাতুল্লাহ সিবগা
বিগত ১৬ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থা প্রকৃত মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাতে জামালপুর শহরের সর্দারপাড়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে ছাত্রশিবিরের জামালপুর জেলা শাখা আয়োজিত সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, ২০০৯ সালে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল এবং সেখানে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তার আলোকে বিগত ১৬ বছর আওয়ামী লীগ একে একে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। প্রাইমারি স্কুলের পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা একটি ভঙ্গুর শিক্ষাব্যবস্থার মধ্যে পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করে একজন শিক্ষার্থীর চাকরি পাওয়ার ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সমন্বয় নেই। বর্তমানে ফল খারাপ হওয়াও সরকারের একটি ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের নির্বাচন প্রসঙ্গে সিবগাতুল্লাহ সিবগা অভিযোগ করেন, সরকারি দল সেখানে প্রভাব বিস্তার করেছে, প্রচুর টাকা ছড়ানো হয়েছে এবং সংখ্যালঘুসহ অনেক মানুষকে ভয় দেখানো হয়েছে। প্রিজাইডিং অফিসারদের নাম ও ছবি থাকার কথা থাকলেও ছবি ছিল না, ভোটকেন্দ্রের ভেতরে বাইরের লোকজন পাওয়া গেছে এবং জাল ভোট দিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ধরা পড়েছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সরকারের মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ রয়েছে। মিডিয়ার স্বাধীনতা দেওয়ার এবং মিডিয়া যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, বাংলাদেশে সেই পরিবেশ তৈরির দাবি জানান তিনি।


