…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সুলায়মানিয়ায় ১০ পদক জিতে দেশে ফিরল বাংলাদেশ আর্চারি দল, বিমানবন্দরে ফুলেল বরণ

নিজস্ব প্রতিবেদক
সুলায়মানিয়ায় ১০ পদক জিতে দেশে ফিরল বাংলাদেশ আর্চারি দল, বিমানবন্দরে ফুলেল বরণ
ছবি: সংগৃহীত

ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২, ২০২৬ থেকে ৩টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় আর্চারি দল।

রোববার (১ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। সেখানে আর্চারদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন ও সোহেল রানাসহ ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত ২৪ থেকে ২৯ অক্টোবর সুলায়মানিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড, দুই বিভাগেই নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন বাংলাদেশের আর্চাররা।

এবারের আসরে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য এসেছে রিকার্ভ পুরুষ দলীয় ইভেন্টে। কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে এশিয়া কাপে প্রথমবারের মতো স্বর্ণপদক জেতে বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফির সমন্বয়ে গড়া দলটি এই অর্জন এনে দেয় দেশকে।

কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির দল কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে হারিয়ে স্বর্ণ জেতেন বন্যা আক্তার। এশিয়া কাপে এটিই তাঁর প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক।

দেশে ফিরে বন্যা আক্তার বলেন, এই অর্জন তাঁকে আরও বড় স্বপ্ন দেখাবে। বিশ্বকাপ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকের মতো আসরে ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবারের সাফল্য। রিকার্ভ পুরুষ দলের স্বর্ণজয়ী আর্চাররা তাঁদের অর্জনকে দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও বড় সাফল্যের প্রত্যাশা জানিয়েছেন।

দলের টিম ম্যানেজার তাজুল হোসেন বাপ্পী আন্তর্জাতিক মানের প্রস্তুতি ও নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, আর্চারির মতো মনোযোগ ও মানসিক দৃঢ়তানির্ভর খেলায় ভালো ফলের জন্য প্রয়োজন অনুকূল প্রশিক্ষণ পরিবেশ, পর্যাপ্ত অনুশীলন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ।

প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক জানান, এবারের দলে উল্লেখযোগ্যসংখ্যক তরুণ আর্চার ছিলেন। অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখেই দল গঠন করা হয়েছিল। আন্তর্জাতিক পরিবেশে বড় দর্শকের সামনে ফাইনাল খেলার অভিজ্ঞতা তরুণদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান জানান, প্রতিভাবান খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৩০০ ক্রীড়াবিদকে মাসিক এক লাখ টাকা করে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপিতে শিক্ষা ও প্রশিক্ষণের দায়িত্ব নিচ্ছে সরকার।

তিনি আরও জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতার বার্ষিক সূচি অনুযায়ী ফেডারেশনগুলোর বছরব্যাপী প্রশিক্ষণ পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য শুধু আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ নয়, বরং পদক জয়ের সক্ষমতা তৈরি করা বলেও উল্লেখ করেন ভারপ্রাপ্ত সচিব।

খেলা বিভাগের আরও খবর

খেলা

মেক্সিকোতে ফেরারির হয়ে প্রথম পোল হ্যামিল্টনের, ক্যারিয়ারের রেকর্ড ১০৫তম পোল

মেক্সিকো সিটি গ্রাঁ প্রিতে ফেরারির হয়ে প্রথম পোল পজিশন পেলেন লুইস হ্যামিল্টন। শনিবারের বাছাই পর্বে সেরা সময় গড়ে রোববারের মূল রেসে সবার সামনে থেকে শ…

খেলা

বোলার হান্টে প্রতিভাবান স্পিনার পেয়েছেন মুশতাক, নজরে দুই রহস্য স্পিনারও

অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বোলার হান্ট শেষে দারুণ খুশি বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি তরুণ ও …

শেষ মুহূর্তে সিলভার গোলে বায়ার্নের জয় কেড়ে নিল ডর্টমুন্ড, ড্রয়ে জমল বুন্দেসলিগা
খেলা

শেষ মুহূর্তে সিলভার গোলে বায়ার্নের জয় কেড়ে নিল ডর্টমুন্ড, ড্রয়ে জমল বুন্দেসলিগা

শেষ মুহূর্তের গোলে বায়ার্ন মিউনিখের জয় কেড়ে নিয়ে ২-২ গোলের ড্র আদায় করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ৮৯তম মিনিটে বদলি হিসেবে নামা পর্তুগিজ স্ট্রাইকার ফা…

সিরিজ নিশ্চিতের পরও সূর্যবংশীকে না খেলানোয় ক্ষুব্ধ কাইফ, প্রশ্ন তুললেন দল নির্বাচন নিয়ে
খেলা

সিরিজ নিশ্চিতের পরও সূর্যবংশীকে না খেলানোয় ক্ষুব্ধ কাইফ, প্রশ্ন তুললেন দল নির্বাচন নিয়ে

ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত সুযোগ না দেওয়ার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক …