বোলার হান্টে প্রতিভাবান স্পিনার পেয়েছেন মুশতাক, নজরে দুই রহস্য স্পিনারও
অক্টোবরে দেশজুড়ে ‘বোলার হান্ট’ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বোলার হান্ট শেষে দারুণ খুশি বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। তিনি তরুণ ও প্রতিভাবান স্পিনারের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন। বোলার হান্টে দেশি কোচদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করেছেন।
রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেছেন, ‘এখানে প্রচুর স্পিনার আছে যাদের খুবই ভালো অ্যাকশন এবং বল স্পিন করায়। তারা খুবই প্রতিভাবান। আমাদেরকে নিশ্চিত করতে হবে তাদের যেন শক্ত বেসিক থাকে। আমরা যদি এখন প্রক্রিয়াটা উন্নত করতে পারি তাহলে আশা করি টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে তারা খেলতে পারবে।’
বোলিংয়ের বেসিক ঠিক করার ব্যাখ্যা দিয়ে পাকিস্তানের এই সাবেক বোলার বলেন, ‘বেসিক শক্তিশালী না হলে স্পিনার, ফাস্ট বোলার বা ব্যাটসম্যান কেউই ধারাবাহিক পারফর্ম করতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্পনসরের এমন ক্যাম্প ডেভেলপমেন্ট প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।
স্পিনারদের বেসিকে গুরুত্ব দিয়ে সবকিছু সহজ করার পরামর্শ দিয়েছেন মুশতাক। তিনি বলেন, ‘আমি মনে করি, বেসিকসহ সবকিছু সহজ করে তোলা দরকার। তারা সহজ জিনিস লম্বা সময় মনে রাখতে পারবে। তারা খুবই প্রতিভাবান, তবে স্পিনার হিসেবে বেসিক জিনিসগুলো শেখা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের স্পিন কোচের নজরে রয়েছেন রহস্য স্পিনাররাও। মুশতাক বলেন, ‘এখানে (রহস্যময় বোলার) অনেকেই আছে। আমরা তাদেরকে দেখছি, আশা করি কয়েকদিনের মধ্যে তাদের অ্যাকশন এবং অন্য বিষয়গুলো দেখে খুব ভালো স্পিনার নির্বাচন করতে পারব। এরই মধ্যে দুইজন খুব ভালো রহস্য স্পিনার রয়েছে।’

