গবেষণা মাঠে সচিবালয় ঠেকাতে চতুর্থ দিনেও রাস্তায় শেকৃবির শিক্ষার্থীরা, আগারগাঁওয়ে এক ঘণ্টা যান বন্ধ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষণা মাঠ হিসেবে ব্যবহৃত পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের উদ্যোগের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল শেষে আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সিগনালে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
রবিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সিগনালে গিয়ে সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে সচিবালয় নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ‘আমার ক্যাম্পাস আমার থাক, আমলা সচিব বাইরে থাক’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আপস না সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন। গবেষণা মাঠ রক্ষার দাবিতে তাদের এই কর্মসূচি চতুর্থ দিনে গড়াল।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কৃষিশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেখানে সচিবালয় স্থাপনের উদ্যোগ শিক্ষার পরিবেশ ও কৃষি গবেষণার স্বার্থের পরিপন্থি বলে অভিযোগ তাদের।
এর আগে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় তারা আন্দোলন অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।




