লোডশেডিংয়ে বিপর্যস্ত ইবি ক্যাম্পাস, সব ভবন ও হলে সৌর প্যানেল বসানোর দাবি ছাত্রদলের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘন ঘন লোডশেডিংয়ের বিকল্প সমাধান হিসেবে সৌর প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেন ছাত্রদল নেতারা। স্মারকলিপি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান।
ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন শাখা আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। তাঁদের সঙ্গে সংগঠনটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, সাম্প্রতিক বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা ও গবেষণা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই কারণে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখতে ক্যাম্পাসের সব প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ আবাসিক হলগুলোতে সৌর প্যানেল স্থাপন করা এখন সময়ের দাবি বলে ছাত্রদল নেতারা স্মারকলিপিতে জানিয়েছেন।
নেতারা আরও বলেছেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।
স্মারকলিপি অনুযায়ী, সৌর প্যানেল বসানো হলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা ও খরচ কমবে, লোডশেডিংয়ের ভোগান্তি কমবে এবং পরিবেশ রক্ষায়ও বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারবে।




