বিচারিক কাজে গতি আনতে দেশের ১৮টি আদালতে কম্পিউটার বরাদ্দ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন

দেশের অধস্তন আদালতগুলোর বিচারিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দাপ্তরিক কাজের গতি বাড়াতে ১৮টি আদালতে ডেস্কটপ কম্পিউটার সরবরাহের উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতির আদেশে এসব আদালতের প্রতিটিতে একটি করে কম্পিউটার বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এ উদ্যোগের বিষয়টি জানা গেছে। এ বিষয়ে সম্প্রতি নির্দেশনা জারি করেছেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক।
কম্পিউটার বরাদ্দ পাওয়া আদালতগুলোর মধ্যে রয়েছে ঝালকাঠি, চাঁদপুর ও নাটোরের পারিবারিক আদালত; খাগড়াছড়ি ও রংপুরের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল; কক্সবাজারের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং রাজবাড়ীর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল।
এ ছাড়া ঢাকার ১১ ও ১২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, লালমনিরহাটের দ্বিতীয়, নারায়ণগঞ্জের পঞ্চম, চট্টগ্রামের তৃতীয় এবং কুমিল্লার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ বরাদ্দের আওতায় রয়েছে।
যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতগুলোর মধ্যে রয়েছে বগুড়ার প্রথম, সিরাজগঞ্জের দ্বিতীয়, পাবনার প্রথম ও মুন্সিগঞ্জের দ্বিতীয় আদালত। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়া চৌকির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতেও একটি কম্পিউটার বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দ করা প্রতিটি কম্পিউটারের সঙ্গে মনিটর, সিপিইউ, ইউপিএস, কিবোর্ড, মাউস, মাউস প্যাড ও মাল্টিপ্লাগ সরবরাহ করা হবে।
এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।




