গাইবান্ধার সাঘাটায় এসিল্যান্ডের অপসারণ দাবিতে মানববন্ধন, অভিযোগ হয়রানির

গাইবান্ধার সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের অপসারণের দাবিতে রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। ভূমিসেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে ভুক্তভোগী ও স্থানীয় শতাধিক সচেতন নাগরিক অংশ নেন। তারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন আলমগীর হোসেন, মো. হামিদুর রহমান বিপু, সুজন মন্ডল, জাভেদ মিয়া, শাহ আলম মন্ডলসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার নামে মানুষকে ভোগান্তিতে ফেলা হয়। তাদের ভাষ্য, ভূমিসেবা জনগণের অধিকার হলেও বিভিন্ন অনিয়ম ও হয়রানির কারণে সেবাগ্রহীতাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা আরও অভিযোগ তোলেন, ওই কর্মকর্তা নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল মনোভাব পোষণ করেন। তারা বলেন, সরকারি দপ্তরে দায়িত্ব পালনকালে কর্মকর্তাদের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধন থেকে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং কর্মকর্তাকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়। একই সঙ্গে ভূমি অফিসের সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, তাঁর দপ্তর দালালমুক্ত। তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন বলেও তিনি দাবি করেন।




