…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ রায়

নিজস্ব প্রতিবেদক
টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ রায়
ছবি: সংগৃহীত

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রুমী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমার বিশ্বজিৎ রায়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। টিএমজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মাসুদ রুমী একটি জাতীয় দৈনিকের উপসম্পাদক ও ব্যবসা-অর্থনীতি বিভাগের প্রধান। সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিৎ রায় রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক।

নয় সদস্যের নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন গোলাম দস্তগীর তৌহিদ। যুগ্ম সম্পাদক হয়েছেন বদরুদ্দোজা মাহমুদ তুহিন এবং কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ ইমাম। প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন ফারহানা হক নীলা। কার্যনির্বাহী সদস্য হয়েছেন বিদায়ী সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন ও এনামুল হক মজুমদার (মজুমদার বাবু)।

নতুন কমিটির কয়েকজন আগের কমিটিতেও ছিলেন। কুমার বিশ্বজিৎ রায় বিদায়ী কমিটির সহসভাপতি ছিলেন এবং গোলাম দস্তগীর তৌহিদ ছিলেন সাংগঠনিক সম্পাদক। আর কোষাধ্যক্ষ পদে আবারও নির্বাচিত হয়েছেন মাহাদী হাসান শিমুল।

গত ১৯ সেপ্টেম্বর টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা ১১ থেকে কমিয়ে ৯ করার প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সংগঠনের কাজ আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারই প্রথম নয় সদস্যের কমিটি গঠিত হলো।

ফল ঘোষণার সময় নির্বাচন কমিশনার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনটাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহিম এবং টিএমজিবির ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম আফসারুল ইসলাম উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

ফল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। বিদায়ী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের অন্য সদস্যদের ক্রেস্ট দেয় নতুন কমিটি।

দায়িত্ব নেওয়ার পর নবনির্বাচিত সভাপতি মাসুদ রুমী বলেন, পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে টিএমজিবি আরও সম্মিলিতভাবে কাজ করবে। সদস্যদের পেশাগত উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সামগ্রিক উন্নয়নে সংগঠনটি ভূমিকা রাখবে।

বিদায়ী সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন আশা প্রকাশ করেন, আগের কমিটির অর্জনের ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব টিএমজিবিকে আরও এগিয়ে নেবে।

প্রযুক্তি খাতের সাংবাদিকদের অন্যতম পেশাদার সংগঠন টিএমজিবি প্রযুক্তি সাংবাদিকতার মান উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে কাজ করে। সংগঠনটি গবেষণা, নীতিবিষয়ক গোলটেবিল আলোচনা, পেশাগত প্রশিক্ষণ ও প্রযুক্তিবিষয়ক কর্মশালার আয়োজন করে থাকে।

প্রযুক্তি বিভাগের আরও খবর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ছড়ানো হয় ভুয়া সতর্কবার্তা
প্রযুক্তি

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা, ছড়ানো হয় ভুয়া সতর্কবার্তা

রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশেরই জরুরি সতর্কতা ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে। দুই দেশের অ্যালার্ট অ্যাপ হ্যাক করে ভুয়া সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া …

প্রযুক্তি

সব অপারেটরের গ্রাহকের জন্য আসছে বাংলালিংকের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘মুক্ত’

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি নানা ডিজিটাল ও লাইফস্টাইল সেবা একই প্ল্যাটফর্মে নিয়ে আসছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিজেদের সেলফ সা…

ওপেনএআইয়ের মডেলের ৩৭২টি জটিল গাণিতিক প্রমাণে আলোড়ন, হতাশায় কাঁদলেন খ্যাতনামা গণিতবিদেরা
প্রযুক্তি

ওপেনএআইয়ের মডেলের ৩৭২টি জটিল গাণিতিক প্রমাণে আলোড়ন, হতাশায় কাঁদলেন খ্যাতনামা গণিতবিদেরা

২০২৬ সালের ৬ অক্টোবর ওপেনএআই এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল থেকে পাওয়া শত শত গাণিতিক গবেষণাপত্র প্রকাশ করেছে, যা গণিতের জগতে আলোড়ন সৃষ্টি করে…