নিষিদ্ধ পদার্থের দায় স্বীকার করলেন আইরিশ ব্যাটার রেবেকা স্টোকেল, স্বেচ্ছায় নিষেধাজ্ঞা মেনে নিলেন
নিষিদ্ধ পদার্থ সেবনের দায় স্বীকার করেছেন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের ব্যাটার রেবেকা স্টোকেল। তাঁর নমুনায় নির্দিষ্ট একটি নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাঁর বিরুদ্ধে অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের অভিযোগ আনে। পরে তিনি দায় স্বীকার করে স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন।
আজ সোমবার (২ নভেম্বর) এক বিবৃতিতে আইসিসি জানায়, ২০২৬ সালের ২৩ জুন প্রতিযোগিতা চলাকালে নেওয়া পরীক্ষায় স্টোকেলের নমুনায় নিষিদ্ধ পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এরপর তাঁকে অ্যান্টি-ডোপিং বিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে অবহিত করা হয়।
বিষয়টি জানার পর স্টোকেল অভিযোগ স্বীকার করেন। তবে তিনি আইসিসিকে জানান, প্রেসক্রিপশনের মাধ্যমে পাওয়া ওষুধ সেবনের কারণে এই ঘটনা ঘটেছে।
শাস্তিমূলক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ২৩ অক্টোবর থেকে স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন এই ক্রিকেটার। অর্থাৎ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত তিনি মাঠে নামতে পারছেন না।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় স্টোকেলের। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ১০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
আইসিসি জানিয়েছে, শাস্তিমূলক প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।

