মাঝ আকাশে বোমার হুমকি: যুদ্ধবিমানের পাহারায় বুদাপেস্টে জরুরি অবতরণ উইজ এয়ারের ফ্লাইটের, তল্লাশিতে কিছু মেলেনি

মাঝ আকাশে বোমার হুমকি পাওয়ার পর হাঙ্গেরির একটি যুদ্ধবিমানের পাহারায় বুদাপেস্টে জরুরি অবতরণ করেছে উইজ এয়ারের একটি ফ্লাইট। লন্ডনের লুটন বিমানবন্দর থেকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅওয়্যারের তথ্য অনুযায়ী, উইজ এয়ারের ফ্লাইট ৪৩০২ গ্রিনিচ মান সময় ভোর ৮টা ৩৩ মিনিটে লুটন থেকে উড়েছিল। স্থানীয় সময় বেলা ১টা ২৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ১১টা ২৫ মিনিট) সোফিয়ায় পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু সেটি বুদাপেস্টে অবতরণ করে স্থানীয় সময় দুপুর ১২টা ৯ মিনিটে (গ্রিনিচ মান সময় ১১টা ৯ মিনিট)।
হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী রোমুলুস রুসিন-সেন্ডিস নিশ্চিত করেছেন, তাঁর দেশ ফ্লাইটটিকে পাহারা দিতে যুদ্ধবিমান পাঠিয়েছিল। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বোমার হুমকি পাওয়ার পর উইজ এয়ারের ফ্লাইটটি বুদাপেস্ট বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়েছিল।
তিনি আরও বলেন, কয়েক মিনিটের মধ্যেই হাঙ্গেরির প্রতিরক্ষা বাহিনীর একটি গ্রিপেন যুদ্ধবিমান আকাশে উড়ে যাত্রীবাহী বিমানটিকে পাহারা দেয়। এরপর যুদ্ধবিমানটি তার ঘাঁটিতে ফিরে যায় এবং পুলিশ ঘটনার দায়িত্ব নেয়।
বুদাপেস্টের লিস্ত ফেরেঙ্ক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর বিমানটি একটি নির্ধারিত স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। উইজ এয়ারের এক মুখপাত্র বলেছেন, কর্তৃপক্ষ বিমান ও যাত্রীদের ওপর প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি চালিয়েছে।
পরে বিমান সংস্থাটি নিশ্চিত করে, তল্লাশি সম্পন্ন হয়েছে এবং কিছুই পাওয়া যায়নি। বিমানটি শিগগিরই আবার যাত্রা শুরু করবে বলেও জানানো হয়।
উইজ এয়ার বলেছে, তারা কর্তৃপক্ষের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।




