বিকাশ অ্যাপেই এখন পরিশোধ করা যাবে সব ট্রাফিক মামলার জরিমানা
এখন মাত্র কয়েক ট্যাপেই বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিক ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। কমিউনিটি ব্যাংক ও বিকাশের উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকরা।
অ্যাপ ছাড়াও সারাদেশে বিকাশের সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। ফলে দেশের যেকোনো প্রান্তে, যেকোনো সময় ফাইন পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতেই এই নতুন সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি। ট্রাফিক ফাইন স্লিপ পাওয়ার পর গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে এই ফাইন পরিশোধ করতে পারছেন। সঙ্গে সঙ্গেই পেমেন্টের রিসিট দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
বিকাশ অ্যাপে ফাইন পরিশোধের পদ্ধতিটি সহজ। অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ আইকনে গিয়ে ‘সরকারি ফি’ অপশন থেকে অথবা সার্চ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সার্চ করে সেবাটি নির্বাচন করতে হবে।
এরপর ট্রাফিক মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে ফাইনের টাকার পরিমাণ দেখা যাবে। সব তথ্য মিলিয়ে নেওয়ার পর গ্রাহক তাঁর পিন নম্বর দিয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে ফাইন পরিশোধ হয়ে যাবে।
পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএস ও অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যাবে। এক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। পেমেন্ট শেষে ডিজিটাল রিসিট ডাউনলোড করে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেওয়া সম্ভব হবে।
এজেন্ট পয়েন্টে গিয়ে সেবাটি নিতে হলে এজেন্টকে কেস আইডি ও মোবাইল নম্বর জানাতে হবে। ফাইন পরিশোধ হয়ে গেলে এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক।


