…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

আবুধাবিতে ড্রোনে ছড়ানো হচ্ছে লাখো ম্যানগ্রোভ বীজ, লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০ কোটি গাছ

নিজস্ব প্রতিবেদক
আবুধাবিতে ড্রোনে ছড়ানো হচ্ছে লাখো ম্যানগ্রোভ বীজ, লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০ কোটি গাছ
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ম্যানগ্রোভ বনের ভূমিকার কথা তুলে ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বন পুনরুদ্ধারের উদ্যোগ চালিয়ে যাচ্ছে। বিশেষভাবে তৈরি ড্রোন দিয়ে লাখো বীজ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ম্যানগ্রোভ মূলত গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলের উপকূলীয় জোয়ার-ভাটার এলাকায় জন্মানো একধরনের বৃক্ষ ও গুল্ম। লবণাক্ত পানি, অক্সিজেনস্বল্প কাদা এবং জোয়ার-ভাটার পরিবর্তনশীল পরিবেশেও টিকে থাকার বিশেষ সক্ষমতা রয়েছে এসব উদ্ভিদের। বিশ্বে ম্যানগ্রোভের ৫০টির বেশি প্রকৃত প্রজাতি রয়েছে।

এই বন উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে ভূমিকা রাখে। ম্যানগ্রোভ বন সামুদ্রিক ও উপকূলীয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল, আর বিশ্বজুড়ে অন্তত ৩৪০টি বিপন্ন প্রজাতির প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বনের ওপর নির্ভরশীল।

ঝড়ের ঢেউয়ের তীব্রতা কমানো, জলোচ্ছ্বাসের উচ্চতা হ্রাস এবং উপকূলীয় ভূমিক্ষয় প্রতিরোধেও ম্যানগ্রোভের শিকড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জলবায়ু সুরক্ষায় এর অবদানও বড়। সাধারণ স্থলভাগের বনের তুলনায় চার গুণের বেশি কার্বন ডাই-অক্সাইড শোষণ ও সংরক্ষণ করতে পারে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এসব বন প্রায় ২১ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড জমা করে রেখেছে।

আবুধাবি পরিবেশ সংস্থার সামুদ্রিক বিজ্ঞানী আমনা আলমানসুরি বলেন, জলবায়ু সুরক্ষার দৃষ্টিকোণ থেকে ম্যানগ্রোভকে প্রকৃতির নায়ক বলা যায়। এই কারণে ম্যানগ্রোভকে ‘জলবায়ুর নায়ক’ হিসেবেও বর্ণনা করা হয়েছে।

১৯৬০-এর দশকের শেষ দিকে আবুধাবিতে ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্যোগ শুরু হয়। তেলনির্ভর অর্থনীতির বিকাশের সঙ্গে দ্রুত নগরায়ণের কারণে সংযুক্ত আরব আমিরাতে ম্যানগ্রোভ বন কমে গিয়েছিল। তৎকালীন শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান বন সংরক্ষণ ও নতুন করে গাছ লাগানোর কর্মসূচি শুরু করেন।

ম্যানগ্রোভ অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী, ১৯৮০ থেকে ২০০০ সালের মধ্যে বিশ্বে ম্যানগ্রোভের পরিমাণ ৩৫ শতাংশ কমে যায়। তবে আবুধাবিতে ১৯৮৭ থেকে ২০২২ সালের মধ্যে ম্যানগ্রোভের বিস্তার বেড়েছে ৯২ শতাংশ। বর্তমানে সেখানে প্রায় ১৭ হাজার ৬০০ হেক্টর ম্যানগ্রোভ বন রয়েছে।

এই বন সম্প্রসারণে ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে তৈরি ড্রোন। ২০২৩ সালে আবুধাবি ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ছয় মিলিয়নের বেশি বীজ ছড়িয়ে দেয় ড্রোনের মাধ্যমে। প্রতিটি ড্রোন একসঙ্গে প্রায় ছয় হাজার বীজ বহন করতে পারে। দুর্গম ও জোয়ার-ভাটাপ্রবণ এলাকায় মানুষের সরাসরি প্রবেশ ছাড়াই বীজ ছড়িয়ে দেওয়ায় প্রাকৃতিক পরিবেশের ক্ষতিও কম হয়।

তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ম্যানগ্রোভের জন্য বড় হুমকি। অতিরিক্ত পানিতে গাছ ডুবে যেতে পারে, আবার পর্যাপ্ত পানি না থাকলেও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এ কারণে বিদ্যমান বন সংরক্ষণের পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ ও উপযুক্ত জলীয় পরিবেশ নিশ্চিত করতে নতুন গবেষণা শুরু হয়েছে।

২০৩০ সালের মধ্যে ১০ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর লক্ষ্য রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। সংশ্লিষ্ট বিজ্ঞানীদের মতে, শুধু বনভূমির আয়তন বাড়ানো নয়, দীর্ঘমেয়াদে সুস্থ ও টেকসই ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

হিমালয়ে বড় বিপর্যয়ের ঝুঁকিতে তিন লাখের বেশি মানুষ, নির্মাণ বেড়েছে ৪৫ শতাংশ: গবেষণা

হিমালয় অঞ্চলের কিছু অংশে অন্তত তিন লাখ মানুষ এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ…

পরিবেশ ছাড়পত্র ছাড়াই আরিচা-টাঙ্গাইল মহাসড়কের কাজ, এক্সিট প্ল্যানও নেই প্রকল্পে
আবহাওয়া ও পরিবেশ

পরিবেশ ছাড়পত্র ছাড়াই আরিচা-টাঙ্গাইল মহাসড়কের কাজ, এক্সিট প্ল্যানও নেই প্রকল্পে

আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল মহাসড়ক উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ), পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা (ইএমপি) ও ট্রাফিক …

আনোয়ারার পারকিতে কর্ণফুলী থেকে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে টানেল সার্ভিস এলাকা ও বেড়িবাঁধ
আবহাওয়া ও পরিবেশ

আনোয়ারার পারকিতে কর্ণফুলী থেকে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে টানেল সার্ভিস এলাকা ও বেড়িবাঁধ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতসংলগ্ন কর্ণফুলী নদী থেকে ড্রেজার ও বুস্টার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, …

উত্তর সাগরে পাথরের প্রাচীর গ্রিনপিসের: শুশুকের সংরক্ষিত এলাকায় শিল্প মাছ ধরা ঠেকাতে অভিনব পদক্ষেপ
আবহাওয়া ও পরিবেশ

উত্তর সাগরে পাথরের প্রাচীর গ্রিনপিসের: শুশুকের সংরক্ষিত এলাকায় শিল্প মাছ ধরা ঠেকাতে অভিনব পদক্ষেপ

উত্তর সাগরের একটি সামুদ্রিক সংরক্ষিত এলাকায় শিল্প ট্রলারের জাল আটকে দিতে সমুদ্রতলে বিশাল পাথর ফেলেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের কর্মীরা। সংরক্ষিত এল…