…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মজুরি বোর্ডের প্রথম সভা শিগগিরই, ডিসেম্বরেই নতুন মজুরি চূড়ান্তের আশা; কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গঠিত ছয় সদস্যের নতুন মজুরি বোর্ডের প্রথম সভা শিগগিরই অনুষ্ঠিত হবে। বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার আশা প্রকাশ করেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা সম্ভব হবে। এদিকে বোর্ড গঠনের পর সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে পোশাকশিল্পের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। কোনো শিল্পকারখানা যেন বন্ধ না থাকে এবং কোনো শ্রমিক যেন কর্মহীন হয়ে না পড়েন, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

শ্রমিকদের অন্যতম প্রধান দাবি ছিল ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন। সেই দাবির পরিপ্রেক্ষিতে গত রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ছয় সদস্যের বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করে। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে।

বোর্ডের অন্য সদস্যরা হলেন মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং স্বতন্ত্র সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন।

বোর্ডটি পোশাকশিল্পের বিভিন্ন গ্রেডের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিক প্রতিনিধিদের কাছ থেকে নাম পাওয়ার পর দ্রুত বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নতুন মজুরি ঘোষণা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি তুলে ধরার জন্য মজুরি বোর্ডই যথাযথ জায়গা। তাই উৎপাদন বন্ধ, সড়ক অবরোধ কিংবা সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা উচিত।

নবগঠিত বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল মজুরি বোর্ড পুনর্গঠন; সরকার দ্রুত বোর্ড গঠন করায় এখন শ্রমিক প্রতিনিধিরা তাদের প্রস্তাব তুলে ধরার সুযোগ পাবেন। নতুন মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে বিভিন্ন অঙ্কের প্রস্তাব রয়েছে—কেউ ২৭ হাজার, কেউ ৩০ হাজার, কেউ ৩২ হাজার আবার কেউ ৩৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছেন। বিভিন্ন শ্রমিক সংগঠন, কারখানাভিত্তিক ট্রেড ইউনিয়ন ও সাধারণ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে একটি সম্মিলিত প্রস্তাব তৈরি করা হবে বলে তিনি জানান।

বাবুল আখতার আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে প্রতিনিধিরা বোর্ডে জোরালো দাবি তুলবেন; তবে উৎপাদন সচল রেখেই দাবি আদায়ের চেষ্টা করতে হবে। তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে পরবর্তী সময়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সংশোধিত মজুরি কাঠামো আগামী জানুয়ারি থেকে কার্যকর করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ মাসিক ন্যূনতম মজুরি ২৬০ মার্কিন ডলার নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

মজুরি বোর্ড গঠনের সরকারি উদ্যোগে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সোমবার বিভিন্ন কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে প্রবেশ করে কাজে যোগ দিতে দেখা গেছে। বিজয়নগরের শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবুল আখতার শ্রমিকদের কারখানায় ফিরে উৎপাদন স্বাভাবিক রাখার আহ্বান জানান। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আখতারও কাজে ফেরার আহ্বান জানিয়ে মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে সময়োপযোগী বলেছেন; একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বলেন, প্রতি তিন বছর অন্তর মজুরি পর্যালোচনার উদ্যোগ শ্রমিকদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, চলমান পরিস্থিতিতে শ্রমিকদের প্রত্যাশা পূরণের পরিবর্তে তাদের কর্মসংস্থানই ঝুঁকির মুখে পড়ছে।

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের মধ্যে সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনায় বহিরাগতদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু সুযোগসন্ধানী ব্যক্তি শ্রমিক আন্দোলনের মধ্যে প্রবেশ করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সড়ক-মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও কারখানায় ভাঙচুরের সঙ্গে প্রকৃত শ্রমিকদের ন্যায্য দাবির সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে কোনো নিরপরাধ শ্রমিক বা শ্রমিকনেতা গ্রেপ্তার হয়ে থাকলে তাদের বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন তিনি; আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে জানান।

শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য আদান-প্রদান এবং পুলিশ সদর দপ্তরে একটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে, যার মাধ্যমে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

সোমবার সকালে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী; পরে শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদ সদস্য ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাসসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিম গ্রুপের একটি টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) র…

পিরোজপুরের নেছারাবাদে পাইলিং করেই ছয় মাস বন্ধ নাপিতখালী সেতুর কাজ
জাতীয়

পিরোজপুরের নেছারাবাদে পাইলিং করেই ছয় মাস বন্ধ নাপিতখালী সেতুর কাজ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে নাপিতখালী সেতুর নির্মাণকাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ২২ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন সেতুটির জন্…

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আন্দোলনকারী মানছে না পুলিশ’, আশুলিয়ায় ডিআইজির হুঁশিয়ারি
জাতীয়

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আন্দোলনকারী মানছে না পুলিশ’, আশুলিয়ায় ডিআইজির হুঁশিয়ারি

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড ইতিমধ্যে কার…

জাতীয়

মিরপুরে শ্রমিক আন্দোলনে বিদেশ থেকে অর্থায়নের অভিযোগ পুলিশের, নাম এল ইলিয়াস-কচি-জাহাঙ্গীরের

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ পেয়েছে…