…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পিরোজপুরের নেছারাবাদে পাইলিং করেই ছয় মাস বন্ধ নাপিতখালী সেতুর কাজ

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের নেছারাবাদে পাইলিং করেই ছয় মাস বন্ধ নাপিতখালী সেতুর কাজ
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে নাপিতখালী সেতুর নির্মাণকাজ প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ২২ কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন সেতুটির জন্য শুধু খাল শাসন বা পাইলিং করেই আর কোনো কাজ এগোয়নি।

এরই মধ্যে নির্ধারিত ১৭ মাসের মেয়াদের ৯ মাস পার হয়েছে, বাকি রয়েছে আট মাস। অথচ সেতুর মূল কাজই শুরু হয়নি। ফলে এই সময়ের মধ্যে ৭৯ দশমিক ৪২ মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সেতুর নির্মাণকাজে ধীরগতির কারণে এই পথে যাতায়াতকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাঁরা পাশের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াতে দুর্ঘটনা ও ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন।

এদিকে খালের পাইলিংয়ের কাজ পুরোপুরি শেষ না হলেও কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪০ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, তারা ৩০ শতাংশ কাজ শেষ করেছে।

সওজের পিরোজপুর কার্যালয় সূত্রে জানা গেছে, নেছারাবাদ-স্বরূপকাঠি থেকে পিরোজপুর সড়কের নাপিতখালী এলাকার নাপিতখালী খালের ওপর থাকা আগের সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর পাশেই নতুন সেতু নির্মাণের জন্য চলতি বছরের ৯ মার্চ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। প্রকল্পটির কার্যাদেশ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স। আগামী ৭ জুলাই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ শেষ হবে।

নাপিতখালী এলাকার বাসিন্দা মো. ফরিদ শেখ বলেন, বর্তমান সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশে আরেকটি সেতুর কাজ শুরু হলেও দু-তিন মাস পর তা বন্ধ হয়ে যায়। এভাবে ধীরগতিতে কাজ চললে সেতুর নির্মাণকাজ কবে শেষ হবে, তা নিয়ে তাঁরা শঙ্কিত।

জলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মেহেদী সরোয়ার বলেন, সড়কপথে উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতু। ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছু কাজ করার পর নির্মাণকাজ বন্ধ রয়েছে।

নির্মাণকাজের দেখাশোনার দায়িত্বে থাকা ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্সের প্রতিনিধি গৌতম সাহা বলেন, খালে পানির অতিরিক্ত স্রোতের কারণে প্রায় পাঁচ মাস কাজ বন্ধ ছিল। আগামী কালীপূজার পর আবার কাজ শুরু হবে, শ্রমিকদের সঙ্গে কথাও বলা হয়েছে। এরই মধ্যে সেতু নির্মাণের জন্য খালে মোট ৬৮টি পাইলের ৪৮টি স্থাপন করা হয়েছে; বাকি পাইলগুলো পর্যায়ক্রমে বসানো হবে। তবে পুরো সেতুর কাজ সম্পন্ন হতে আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে তিনি জানান।

ঠিকাদারি প্রতিষ্ঠানটির পরিচালক মো. মাসুদ খান বলেন, সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য প্রকল্পে জমি অধিগ্রহণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। ফলে স্থানীয় জমির মালিকদের সঙ্গে সমঝোতা করে জমির ব্যবস্থা করতে সময় লেগেছে। এ ছাড়া খালে পানির অতিরিক্ত স্রোতের কারণে কাজ করা সম্ভব হয়নি। সব মিলিয়ে পাঁচ থেকে ছয় মাস কাজ বন্ধ ছিল। তবে ৩০ শতাংশ কাজ হয়ে গেছে এবং আগামী এক বছরের মধ্যে কাজ শেষ করার আশা করছেন তিনি।

জানতে চাইলে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, খালে পানির বেশি স্রোতের কারণে কাজ বন্ধ রয়েছে। ২০২৭ সালের ৭ জুলাই সেতুটির নির্মাণকাজের মেয়াদ শেষ হবে। এ পর্যন্ত ৪০ শতাংশ কাজ বাস্তবায়িত হয়েছে এবং যতটুকু কাজ হয়েছে, সেই কাজের বিল পরিশোধ করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ, ৪১৪ কারখানায় ছুটি
জাতীয়

মজুরির দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ, ৪১৪ কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন টানা তৃতীয় দিনে গড়িয়েছে। সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ, সংঘর্ষ ও ভাঙচুর…

রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক
জাতীয়

রূপগঞ্জে টেক্সটাইল মিলে কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিম গ্রুপের একটি টেক্সটাইল মিলে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) র…

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আন্দোলনকারী মানছে না পুলিশ’, আশুলিয়ায় ডিআইজির হুঁশিয়ারি
জাতীয়

‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের আন্দোলনকারী মানছে না পুলিশ’, আশুলিয়ায় ডিআইজির হুঁশিয়ারি

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড ইতিমধ্যে কার…

জাতীয়

মিরপুরে শ্রমিক আন্দোলনে বিদেশ থেকে অর্থায়নের অভিযোগ পুলিশের, নাম এল ইলিয়াস-কচি-জাহাঙ্গীরের

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ পেয়েছে…