নিউইয়র্ক টাইমস–সিয়েনা জরিপ: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাত অঙ্গরাজ্যের প্রায় সবকটিতেই এগিয়ে ডেমোক্র্যাটরা

দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাতটি অঙ্গরাজ্যের প্রায় সবকটিতেই রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, তা নির্ধারণে এই অঙ্গরাজ্যগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
জরিপে দেখা গেছে, টেক্সাস ও কানসাসে ডেমোক্র্যাট প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অথচ ১৯৮৮ সালের পর টেক্সাসে এবং ১৯৩২ সালের পর কানসাসে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।
তবে লড়াইটি ডেমোক্র্যাটদের জন্য কঠিন বলেই মনে হচ্ছে, কারণ তাদের জিততে হবে এমন আসনগুলোর অধিকাংশই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে রিপাবলিকান সিনেটর রয়েছেন এমন পাঁচটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন; ষষ্ঠ অঙ্গরাজ্যটিতে দুই দলের প্রার্থীর অবস্থান প্রায় সমান।
অঙ্গরাজ্যগুলোর মধ্যে কানসাস, মেইন, ওহাইও ও টেক্সাসে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। আলাস্কায় ব্যবধান খুবই সামান্য। অন্যদিকে আইওয়ায় দুই দলের প্রার্থীর মধ্যে কার্যত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
১০০ সদস্যের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ডেমোক্র্যাটদের বর্তমানে নিজেদের দখলে থাকা সব আসন ধরে রাখতে হবে এবং রিপাবলিকানদের দখলে থাকা অন্তত চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।
এবার নির্বাচন হচ্ছে, ডেমোক্র্যাটদের দখলে থাকা এমন একমাত্র গুরুত্বপূর্ণ সিনেট আসনটি মিশিগানে। জরিপে দেখা গেছে, সেখানে দলটির প্রার্থী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে জরিপটি করা হয়েছিল সপ্তাহান্তে মিশিগানের ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ শুরুর আগে।




