সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুমিরা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে সড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়; এতে চট্টগ্রামমুখী লেনেও তীব্র যানজট তৈরি হয়েছে।
একই স্থানে রেললাইনের ওপর গাছ দিয়ে অবরোধ সৃষ্টি করেছেন শিক্ষার্থীরা বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় ঢাকামুখী লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের গেটের বিপরীতে এক সহপাঠীসহ মাইশা একটি লোকাল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি লরি ৮ নম্বর রুটের একটি মিনিবাসকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে মাইশা চাপা পড়েন।
প্রক্টর জানান, আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



