৩০ হাজার টাকা মজুরির দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ, গাজীপুরে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এই দাবিকে কেন্দ্র করে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে কয়েক দিন ধরে চলা অসন্তোষ মঙ্গলবারও অব্যাহত ছিল।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ রুহুল আমীন সোহেল সাংবাদিকদের হেমায়েতপুরে মহাসড়ক অবরোধের তথ্য নিশ্চিত করেছেন।
একই দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলও মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে। সকাল ৯টার পর থেকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপরতা চালান।
কয়েক দিন ধরে গাজীপুরের শিল্পাঞ্চল, ঢাকার সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। এসব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়েছে।
গাজীপুরের চন্দ্রা এলাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি একমত। তবে তাঁর মতে, এই দাবিকে পুঁজি করে ২০২৪ সালের পরাজিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
মজিবুর রহমান বলেন, 'মজুরি বোর্ড গঠন করে কার্যক্রম শুরু হওয়ার পরও বিভিন্ন কারখানায় যে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে, তা শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলন নয়, বরং সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা।' এ সময় পুলিশের পাশাপাশি তাঁর নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও বিভিন্ন সড়কে অবস্থান নিতে দেখা যায়।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মহল গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে কারখানা বন্ধ করার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। মজুরি বোর্ড গঠন হয়েছে এবং শ্রমিকেরাও সন্তুষ্ট হয়েছেন।' বন্ধ থাকা কারখানাগুলো খুব শিগগির খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করছে। গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম ইতোমধ্যে পুরোদমে শুরু হয়েছে এবং সেখানে মালিক-শ্রমিক উভয় পক্ষের মধ্যে দর-কষাকষি হবে বলেও জানান তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, পোশাক খাতের অসন্তোষকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্ত হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর অনুসন্ধান অনুযায়ী, এ ধরনের নৈরাজ্যের নেপথ্যে সীমান্তের ওপার থেকে আসা ইন্ধন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা জানান, সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর মজুরি পর্যালোচনা করা হলেও শ্রমিকদের বাস্তব সংকটের কথা বিবেচনা করে সরকার নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে; ফলে আন্দোলনের মূল দাবির ইতিবাচক সমাধানের পথ খুলেছে। তিনি বলেন, অতীতের মতো বলপ্রয়োগ বা দমনপীড়নের মাধ্যমে সরকার পরিস্থিতি সামাল দিতে চায় না, এবং পুলিশকে আইনানুগ ও সংঘাতের মাত্রা অনুযায়ী ন্যূনতম শক্তি প্রয়োগের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।




