নির্বাচনের আগে সাদা পাউডার ভরা শত শত চিঠি পাঠানোর অভিযোগে মার্কিন নাগরিক অভিযুক্ত
যুক্তরাষ্ট্রে ২০২৪ ও ২০২৬ সালের নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরে সাদা পাউডার ভরে শত শত চিঠি পাঠানোর অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ওকলাহোমার বাসিন্দা রবিন মার্টিন।
মঙ্গলবার প্রকাশ্যে আসা আদালতে দাখিল করা এক নথিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, পাঠানো পাউডারে বিপজ্জনক কোনো পদার্থ ছিল না।
এফবিআই বলেছে, সব চিঠির গুঁড়া এখনো পরীক্ষা করা হয়নি। তবে যেগুলো পরীক্ষা করা হয়েছে, সেগুলোতে ইস্ট বা ময়দা পাওয়া গেছে।
রবিন মার্টিনের বিরুদ্ধে ভুয়া বিপদের বার্তা ছড়ানো এবং হুমকিমূলক যোগাযোগ ডাকযোগে পাঠানোর অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওকলাহোমা সিটিতে আদালতে তার প্রাথমিক হাজিরা দেওয়ার কথা ছিল। অনলাইনে প্রকাশিত আদালতের নথিতে তার পক্ষে বক্তব্য দেওয়ার জন্য কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানায়, দেশজুড়ে কংগ্রেসের কার্যালয় ও নির্বাচনসংশ্লিষ্ট দপ্তরগুলোতে ‘সন্দেহজনক পদার্থ’ থাকা চিঠি পাঠানোর ঘটনা তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে চিঠিগুলোকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করার জন্য প্রাপকদের সতর্ক করা হয়।
যুক্তরাষ্ট্রের সিনেটের সার্জেন্ট অ্যাট আর্মসের একটি বার্তায় বলা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের আরও চিঠি আটকানোর চেষ্টা করছে। তবে কিছু চিঠি গন্তব্যে পৌঁছে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
সে সময় এফবিআই জানায়, সংস্থাটি যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শন বিভাগের সঙ্গে যৌথভাবে ঘটনাগুলোর তদন্ত করছে।




