এলো ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর ট্রেলার, শেষ অভিযানে ফিরছেন ডোয়াইন জনসন
হলিউডের জনপ্রিয় অ্যাডভেঞ্চার-কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘জুমানজি’র সর্বশেষ কিস্তি ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর নতুন ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির প্রধান তারকা ডোয়াইন জনসন অভিনীত এই অ্যাকশন-কমেডি চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জেইক ক্যাসডান।
ভিডিও গেমের চেনা গণ্ডি ছাড়িয়ে সম্পূর্ণ নতুন এক গল্পের ইঙ্গিত দেওয়া এই সিনেমাটি আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, এবার আর চরিত্রগুলো গেমের ভেতরে বন্দি নয়; বরং জুমানজির বিপজ্জনক প্রাণী ও হুমকিগুলো সরাসরি প্রবেশ করেছে বাস্তব পৃথিবীতে।
আগের অভিযানগুলোতে গেমের ভেতরের নানা চ্যালেঞ্জ পার হয়ে আসা চরিত্রগুলো এবার নিজেদের চেনা জগতেই সম্পূর্ণ অপ্রত্যাশিত এক বিপদের মুখে পড়ে। কাল্পনিক গেমের চরিত্র ও বাস্তব দুনিয়ার মধ্যকার সীমারেখা মুছে যাওয়ার মধ্য দিয়ে এক বিশৃঙ্খল ও রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা সামাল দিতে আবারও মাঠে নামতে হয় মূল চরিত্রগুলোকে।
আসন্ন এই চলচ্চিত্রে ফ্র্যাঞ্চাইজির মূল অভিনয়শিল্পীদের প্রায় সবাই একত্রিত হয়েছেন। প্রধান চরিত্রে ডোয়াইন জনসনের সঙ্গে আবারও দেখা যাবে কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলানকে। এ ছাড়া নিক জোনাস তাঁর আগের চরিত্রে ফিরেছেন।
পাশাপাশি তরুণ ও বাস্তব রূপের চরিত্রগুলোতে অভিনয় করেছেন অ্যালেক্স উলফ, ম্যাডিসন আইজম্যান, মরগান টার্নার, সারডেরিয়াস ব্লেইন, রাইস ডার্বি এবং বর্ষীয়ান অভিনেতা ড্যানি ডিভিটো।
১৯৯৫ সালে রবিন উইলিয়ামস অভিনীত মূল ক্লাসিক ‘জুমানজি’র অনুপ্রেরণায় নতুন প্রজন্মের জন্য ২০১৭ সালে ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ২০১৯ সালে ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় নির্মিত হলো এই নতুন কিস্তি।
ম্যাট টলমাচ, ড্যানি গার্সিয়া ও হিরাম গার্সিয়ার পাশাপাশি চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক হিসেবে রয়েছেন স্বয়ং ডোয়াইন জনসন।
বিশ্বব্যাপী ইংরেজি ভাষার পাশাপাশি ভারতে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ছবিটি ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু—এই চার ভাষায় একযোগে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।



