জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত, দুই ভেন্যুতে ছয় সাদা বলের ম্যাচ
একাধিকবার স্থগিত হওয়ার পর আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। এই সফর ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) মধ্যে নিয়মিত ও ইতিবাচক আলোচনা চলছে।
সবকিছু চূড়ান্ত হলে জানুয়ারিতে বাংলাদেশের মাটিতে দুই ভেন্যুতে সাদা বলের মোট ছয়টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সফরে সীমিত ওভারের ক্রিকেটেই মুখোমুখি হবে দুই দল।
সফরের অগ্রগতি নিয়ে বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারির নির্ধারিত সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা শতভাগ। তিনি বলেন, সিরিজটি আয়োজনের বিষয়ে বোর্ড পুরোপুরি আশাবাদী এবং একেবারে শুরুর দিন থেকেই এ নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে।
এর আগে ভারত দলের এই বাংলাদেশ সফর কয়েক দফা পেছানোর ইতিহাস রয়েছে। প্রাথমিক সূচি অনুযায়ী ২০২৫ সালের আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সিরিজটি মাঠে না গড়ালে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত হয়।
চলতি বছরের জানুয়ারিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল, সেপ্টেম্বরে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে পরবর্তীতে বিসিসিআই সেই সফরটিও স্থগিত করে দেয়।
সেই জটিলতা কাটিয়ে নতুন বছরের জানুয়ারিতেই বহুল প্রতীক্ষিত এই দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াতে যাচ্ছে বলে এখন আভাস মিলছে।



