প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার ৯০ কোটি টাকার পিইডিপি-৫ অনুমোদন, চলবে ২০৩১ সাল পর্যন্ত

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৪১ হাজার ৯০ কোটি টাকার পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচিসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মোট ব্যয়ের ৭০ শতাংশের বেশিই এই একটি কর্মসূচির। পরিকল্পনা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩টি প্রকল্পের মোট ব্যয় বলা হয়েছে ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত। এটি চলতি ২০২৬-২৭ অর্থবছরের ষষ্ঠ এবং বর্তমান সরকারের ১১তম একনেক সভা।
পিইডিপি-৫ বাস্তবায়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চলতি বছরের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদের এই কর্মসূচিতে সরকার দেবে ৩৩ হাজার ২০৩ কোটি ২৩ লাখ টাকা। বাকি ৭ হাজার ৮৮৭ কোটি ২৫ লাখ টাকা আসবে উন্নয়ন সহযোগীদের ঋণ থেকে। আজ অনুমোদিত প্রকল্পগুলোর মোট ঋণের প্রায় ৯৯ শতাংশই এই কর্মসূচির জন্য।
২০১৮ সালে শুরু হওয়া চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) ব্যয় ছিল ৩২ হাজার ৮০৩ কোটি টাকা। সে তুলনায় পঞ্চম কর্মসূচির ব্যয় প্রায় ২৫ শতাংশ বেশি। ১৯৯৭ সাল থেকে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ধাপে ধাপে এ ধরনের খাতভিত্তিক কর্মসূচি নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের হিসাবে, ১৩টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা, যা মোট ব্যয়ের ১৪ শতাংশের কম। বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে দেবে ২৫০ কোটি ৬৭ লাখ টাকা।


