ফল বিপর্যয়ের পর পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীদের পড়ায় ফেরাতে মাইকিং
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এইচএসসি ও আলিম ২০২৬ পরীক্ষার ফল হতাশাজনক হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই এই প্রচারণার উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইকিং করে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হয়।
প্রচারণায় জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাগরিবের পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে পারবে না।
এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখতে হবে বলে প্রচারণায় বলা হয়। ১৮ বছরের কম বয়সীদের কাছে বিড়ি-সিগারেট বিক্রি করা যাবে না বলেও জানানো হয়।
স্কুল চলাকালীন শিক্ষার্থীদের দোকানে বসে আড্ডা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুদের ডোবা, পুকুর, খাল ও নদী থেকে দূরে রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান জানান, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ফিরিয়ে আনা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষার ফলের মান উন্নয়নে এ ধরনের সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
এসব নির্দেশনা মেনে চলতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।



