বগুড়ার শেরপুরে ডাকাতের কবল থেকে রক্ষা পেলেন পরিচালক এমডি ইকবাল ও তার টিম

সিনেমার শুটিং লোকেশন দেখতে গিয়ে ডাকাতের কবলে পড়েন বলে অভিযোগ করেছেন পরিচালক-প্রযোজক এমডি ইকবালসহ টিমের সদস্যরা। বুধবার (৪ নভেম্বর) বগুড়ার শেরপুর এলাকায় তাদের গাড়ি রোধ করে ডাকাত দল। তবে তারা এখন নিরাপদে রয়েছেন।
এ বিষয়ে এমডি ইকবাল বলেন, “আমরা ‘নসীব’ সিনেমার লোকেশন খোঁজার উদ্দেশ্যে শেরপুরে গিয়েছিলাম। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কয়েকজন ব্যক্তি আমাদের গতিরোধ করে। তাদের হাতে লাঠি ছিল। ঘটনা বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে।”
পরিস্থিতি বর্ণনা করে এমডি ইকবাল বলেন, “তাদের পোশাক, কথা বলার ধরন ও পায়ের স্যান্ডেল দেখে বুঝতে পারি গাড়িটি ডাকাতির উদ্দেশ্যে থামানো হয়েছে। তাদের সঙ্গে কথা-কাটাকাটিও হয়। পরিস্থিতি বোঝার পর আমরা আর দেরি না করে, গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হই। আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদে আছি।”
ইকবালের ‘নসীব’ সিনেমা প্রযোজনা করছেন আরশাদ আদনান। সম্প্রতি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এতে একঝাঁক তারকা অভিনয় করবেন।
কিছু দিন আগে এ সিনেমায় নাম লিখিয়েছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি।



