ইরান যুদ্ধের ধাক্কায় অক্টোবরে রাশিয়ার তেল-গ্যাস আয় দ্বিগুণের বেশি বেড়ে ১১.৯ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়া ও বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষাপটে গত অক্টোবরে রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস খাতের আয় আগের মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে।
রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে এ খাত থেকে মস্কোর মোট রাজস্ব হয়েছে ৯৭১ দশমিক ২ বিলিয়ন রুবল, যা প্রায় ১১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে আয় বেড়েছে প্রায় ১১৪ দশমিক ৭ শতাংশ। সেপ্টেম্বরে জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় ছিল আনুমানিক ৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, আর আগস্টে তা ছিল প্রায় ৫ দশমিক ২ বিলিয়ন ডলার।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রধান নৌপথ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়। এর প্রভাবে অক্টোবরে ব্রেন্ট ক্রুডের দর প্রতি ব্যারেলে প্রায় ১১৫ ডলারে পৌঁছায়।
একই সময়ে ইউরোপীয় মানদণ্ড হিসেবে বিবেচিত ডাচ টিটিএফ প্রাকৃতিক গ্যাসের দাম মাসের শেষভাগে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ১০৩ ইউরো, প্রায় ১১৫ দশমিক ৭ ডলারে কেনাবেচা হয়।
রুশ অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে খনিজ সম্পদ উত্তোলন কর হিসেবে প্রায় ১৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং অতিরিক্ত আয়কর বাবদ আরও ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার রাজস্ব আদায় হয়েছে। অভ্যন্তরীণ বাজারে তেল সরবরাহকারীদের ভর্তুকি ও অন্যান্য সমন্বয়ের পর নিট জ্বালানি রাজস্ব দাঁড়িয়েছে প্রায় ১১ দশমিক ৯ বিলিয়ন ডলারে।
স্থানীয় বাজারে জ্বালানির দর স্থিতিশীল রাখতে তেল পরিশোধন কোম্পানিগুলোকে সরকারি কোষাগার থেকে দেওয়া ক্ষতিপূরণের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বরে এ সহায়তা ছিল ৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ দশমিক ০৮ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক বাজারে রপ্তানিমূল্য অভ্যন্তরীণ মূল্যের চেয়ে বাড়লে স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এ সহায়তা দেওয়া হয়।
মাসিক হিসাবে আয়ে উল্লম্ফন দেখা গেলেও বার্ষিক মোট আয়ে এখনও ঘাটতি রয়ে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম দশ মাসে রাশিয়ার মোট তেল ও গ্যাস রাজস্ব দাঁড়িয়েছে প্রায় ৭৮ দশমিক ৯১ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ০৭ শতাংশ কম।

