ভোলায় কোস্টগার্ডের বিনামূল্যের দন্ত চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ২২০ জন

ভোলায় দুই দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ভোলার ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আয়োজিত এই ক্যাম্পে মোট ২২০ জন বিনামূল্যে দন্ত চিকিৎসাসেবা ও পরামর্শ পেয়েছেন।
মেডিপ্লাস ওরাল হেলথের সৌজন্যে কোস্টগার্ড বেইস ভোলার ব্যবস্থাপনায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ক্যাম্পটি বুধবার (৪ নভেম্বর) শুরু হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্যন্ত দুই দিন ধরে পরিচালিত হয়। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের দন্ত চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও ওরাল কেয়ার কিট বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কোস্টগার্ড নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই দন্ত চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়েছে।
তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




