অষ্টম দিনেও গবেষণা মাঠের দাবিতে বিক্ষোভ শেকৃবিতে, দ্রুত আইনি পদক্ষেপ চান শিক্ষার্থীরা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরে পেতে মামলা করার অগ্রগতি জানতে চান তারা। পাশাপাশি দ্রুত সিন্ডিকেট সভা আহ্বানের দাবি জানান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে অষ্টম দিনের মতো জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা।
এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, উপউপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর আবুল বাশার, প্রক্টর প্রফেসর ড. আরফান আলী ও মাঠসংক্রান্ত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিন অধ্যাপক এম. সালাহউদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত হন।
শিক্ষার্থীরা মামলা করার অগ্রগতি জানতে চাইলে অধ্যাপক এম. সালাহউদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘কাজ তো চলমান। আমরা ফার্মগুলোর সঙ্গে কথা বলেছি। জমিটি দ্য বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউটের ছিল। আমাদের কনসার্ন ছাড়াই এটি গণপূর্তের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই আগে মিস কেস করে রিট করতে হবে।’
এ সময় শিক্ষার্থীরা দ্রুত সিন্ডিকেট সভা আহ্বান করে মাঠ পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাতিল করে মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে।




