ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ গভর্নর নিউসমের, সবার সাজা এখন যাবজ্জীবন

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বৃহস্পতিবার রাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ জন বন্দীর সবার মৃত্যুদণ্ড মওকুফ করেছেন। এর ফলে তাঁদের প্রত্যেকের সাজা প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডে রূপ নিয়েছে।
মেয়াদের শেষ দিকে নেওয়া এই গণ-মওকুফের ফলে ভবিষ্যতের কোনো গভর্নরের আমলেও এই বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এটিকে আধুনিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের কোনো একটি অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা সবচেয়ে বড় আকারে খালি করার ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে।
টেনেসি অঙ্গরাজ্যে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টা বিশ্বজুড়ে ক্ষোভ ও মৃত্যুদণ্ড দেশজুড়ে স্থগিত করার নতুন করে দাবি তোলার পর এই সিদ্ধান্ত এল।
নিউসমকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হয়। তিনি দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের বিরোধী এবং ২০১৯ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।
তিনি সান কুয়েন্টিন কারাগারের শারীরিক মৃত্যুদণ্ড কক্ষটিও ভেঙে ফেলেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের অন্যান্য স্থাপনায় সরিয়ে নেন, যেখানে তাঁদের চলাচলের স্বাধীনতা ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ বেশি। কারও কারও ক্ষেত্রে এটি ছিল দীর্ঘদিন নির্জন কক্ষে থাকার পর বড় পরিবর্তন।
ক্যালিফোর্নিয়ায় সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ২০০৬ সালে। তবে শত শত বন্দী মৃত্যুদণ্ডের সাজা নিয়ে কারাগারে থেকে যাওয়ায় এই রাজ্যেই ছিল দেশের সবচেয়ে বড় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যা।
এর আগেও দুই দলের গভর্নররা মৃত্যুদণ্ডের বিরোধিতায় বড় পদক্ষেপ নিয়েছেন। ইলিনয়ের একজন রিপাবলিকান গভর্নর ২০০৩ সালে দায়িত্ব ছাড়ার আগে রাজ্যের সব ১৬৭ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেছিলেন। ২০২৪ সালে নর্থ ক্যারোলাইনার ডেমোক্র্যাট গভর্নর রয় কুপার দায়িত্বের শেষ দিনে ১৫ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেন।
যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের প্রতি সমর্থন কমছে। তবে ডেমোক্র্যাটরা অনেক সময় গণ-মওকুফে অনিচ্ছুক থেকেছেন, কারণ রিপাবলিকানরা তাঁদের নৃশংস হত্যায় দণ্ডিতদের পক্ষ নেওয়া ‘অপরাধের প্রতি নরম’ রাজনীতিক হিসেবে তুলে ধরতে পারে বলে তাঁদের আশঙ্কা ছিল।
নিউসম কারাগারে সংশোধনমূলক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়ার মতো ফৌজদারি বিচার সংস্কারের উদ্যোগ সমর্থন করেছেন। তবে অধিকারকর্মীদের কেউ কেউ বরাবরই অভিযোগ করেছেন, তিনি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন, যার মধ্যে প্যারোল পাওয়া প্রখ্যাত বন্দীদের মুক্তিতে ভেটো দেওয়ার ঘটনাও রয়েছে।
ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সেই ২৭টি অঙ্গরাজ্যের একটি, যেগুলোতে এখনো আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।




