রো বনাম ওয়েড রায়ের খসড়া ফাঁসে বিচার বিভাগের ফৌজদারি তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের যে খসড়া মতামত ফাঁস হয়ে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিলের রায় আগেই প্রকাশ পেয়েছিল, সেই ফাঁসের ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ।
ওয়াশিংটনে মার্কিন অ্যাটর্নি জিনিন পিরোর কার্যালয় এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র ফক্স নিউজকে জানিয়েছে।
২০২২ সালে রায় ঘোষণার আগেই পলিটিকো খসড়া মতামতটি প্রকাশ করে। এরপর প্রধান বিচারপতি জন রবার্টস আদালতের ভেতরে তদন্তের নির্দেশ দেন। কিন্তু সেই অভ্যন্তরীণ তদন্তে ফাঁসকারীকে শনাক্ত করা যায়নি।
বিচার বিভাগ এই তদন্ত নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
আদালতের নিজস্ব তদন্ত ব্যর্থ হওয়ার কয়েক বছর পর এখন ফেডারেল প্রসিকিউটররা বিষয়টি খতিয়ে দেখছেন। ফক্স নিউজের প্রতিবেদক ডেভিড স্পান্ট 'আমেরিকা রিপোর্টস' অনুষ্ঠানে এই তদন্ত শুরুর খবর জানিয়েছেন।




