খুলনার জাহাঙ্গীর হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম ১৭ বছর পর চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিমকে (৫০) ১৭ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৬ ও এসআরবি-৭।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে এসআরবি খুলনার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার জসিম খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাজী তমিজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। হত্যা মামলায় আদালত তাঁকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে জসিম নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পেশায় ছিলেন রিকশাচালক। জাহাঙ্গীরের বাড়ির পাশের এক দোকানদারের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দেওয়ার কথা বলে ৮০০ টাকা নেন জসিম।
তবে ফোন বা টাকা ফেরত না দেওয়ায় একই বছরের ১৯ মে সকালে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সালিশে জসিমের চুরির বিষয়টি প্রমাণিত হলে তাঁকে ফোন ও টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয় এবং জাহাঙ্গীর তাঁকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
ওই সালিশের জেরে একই দিন বিকেলে জাহাঙ্গীরের ওপর ক্ষুব্ধ হয়ে জসিম ধারালো ছুরি দিয়ে তাঁর ঘাড়ের বাঁ পাশে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় সাজা পাওয়ার পর থেকে পলাতক ছিলেন জসিম।




