ফেসবুক পোস্টে বিএনপিকে ‘পরিবার’ বললেন মেঘনা আলম, পুরুষ সহকর্মীদের সহযোগিতার কথাও তুললেন

মডেল, অভিনেত্রী ও রাজনীতিবিদ মেঘনা আলম বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিএনপিকে নিয়ে লিখেছেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার ভাইকে আল্লাহ সুস্থ, নিরাপদ ও সহি-সালামতে রাখুন। পুরুষের সহযোগিতা ও সম্মানই নারীর নেতৃত্বের পথচলাকে সহজ করে।’
মেঘনা আলম পোস্টে উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীদের কেউ তাঁকে নিজের মেয়ে, কেউ বোন, আবার কেউ পরিবারের সদস্য হিসেবে আপন করে নিচ্ছেন। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই তৃণমূলের মানুষের স্লোগান, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলে তিনি লিখেছেন।
রাজনৈতিক দলকে বৃহত্তর পরিবারের সঙ্গে তুলনা করে মেঘনা আলম বলেন, নতুন কোনো সদস্য দলে যুক্ত হলে সবার সঙ্গে তাঁর পরিচয় বা মতের মিল নাও থাকতে পারে। এ ক্ষেত্রে পুরোনো সদস্যদের দায়িত্ব হলো নতুন সদস্যকে ধীরে ধীরে বুঝিয়ে বলা, ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে সম্মানের সঙ্গে মিটিয়ে নেওয়া এবং পরিবারের ঐক্য ও সম্মান অক্ষুণ্ণ রাখা।
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আমিও আমার এই পরিবারের সঙ্গে থাকব এবং পরিবারের সম্মান ও সম্প্রীতি রক্ষায় আন্তরিকভাবে চেষ্টা করব।’
নারীর রাজনৈতিক ও সামাজিক পথচলা নিয়ে মেঘনা আলম লেখেন, নারীর পথচলা একার লড়াই নয়। পুরুষ সহকর্মীরা যখন প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগী ও সহযাত্রী হন, তখনই সমাজ ও রাজনীতিতে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের সংস্কৃতি গড়ে ওঠে বলে তিনি মনে করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মেঘনা আলম বিভিন্ন সময়ে নিজের মতামত, ব্যক্তিগত অনুভূতি ও নানা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আলোচনায় আসেন। এবার তাঁর এই নতুন ফেসবুক পোস্ট ঘিরেও আলোচনা তৈরি হয়েছে।




