ফ্রান্সের পূর্বাঞ্চলে স্কুলশিক্ষার্থী বহনকারী বাস খাদে, নিহত ২ ও আহত ১৬
ফ্রান্সের পূর্বাঞ্চলে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি আন্তঃনগর বাস শুক্রবার সকালে দুর্ঘটনায় পড়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, এতে একজন অপ্রাপ্তবয়স্ক ও একজন তরুণ নিহত হয়েছেন।
আইন অঞ্চলের প্রিফেকচার জানিয়েছে, দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনাটি ঘটেছে লিয়ঁ শহরের উত্তর-পূর্বে গ্রামীণ এলাকার ছোট শহর লঁ-এর কাছে। ঘটনাস্থলের ছবিতে বাসটিকে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে থাকতে দেখা গেছে বলে সম্প্রচারমাধ্যম বিএফএম টিভি জানিয়েছে।
পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো এক্সে জানিয়েছেন, লঁ-এর কাছে গুরুতর বাস দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
প্রিফেকচার এক বিবৃতিতে বলেছে, লঁ-এর কাছে একটি আন্তঃনগর বাসের দুর্ঘটনায় একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিএফএম টিভি জানিয়েছে, বাসের যাত্রীদের মধ্যে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে যাওয়া শিশুরাও ছিল।
শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে প্যারিস অঞ্চলের একটি উচ্চমাধ্যমিক স্কুল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের বলেন, শিক্ষার্থী ও শিশুরা এমন দুর্ঘটনার শিকার হলে তা সবসময়ই কঠিন মুহূর্ত। নিহতদের পরিবারের প্রতি তাঁর নিজের, সরকারের এবং পুরো শিক্ষা সম্প্রদায়ের সমবেদনা জানান তিনি।

