বড়দিনের আগে লন্ডন আন্ডারগ্রাউন্ডে আট দফা ধর্মঘটের ডাক আরএমটির

লন্ডনের আন্ডারগ্রাউন্ডে টিউব ট্রেনচালকদের ইউনিয়ন আরএমটি আটটি ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। ১৬ দিনজুড়ে চলা এই ধর্মঘটগুলোর ছয়টিই বড়দিনের আগের সময়ে পড়েছে, যা রাজধানীতে পরিবহন বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি করেছে।
চার দিনের কর্মসপ্তাহের পরিকল্পনার বিরোধিতায় নভেম্বরের শেষ দিকে চালকেরা আরেক দফা ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করবেন। এই প্রস্তাবকে লন্ডন আন্ডারগ্রাউন্ডের অধিকাংশ চালকের প্রতিনিধিত্বকারী আসলেফ ইউনিয়ন স্বাগত জানিয়েছে।
ধর্মঘটের কারণে বড়দিনের আগের শেষ কেনাকাটার সপ্তাহান্তে টিউব ট্রেন খুব কম চলতে পারে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে এবং আবার ১৯ ডিসেম্বর শনিবার ধর্মঘট চলার কথা রয়েছে।
২৪ ঘণ্টার ধর্মঘটগুলো শুরু হবে ২৬ নভেম্বর দুপুর থেকে। এরপর বড়দিনের ধর্মঘট, জানুয়ারির শুরুতে আরও দুটি এবং ফেব্রুয়ারিতে আরও ধর্মঘটের পরিকল্পনা রয়েছে।
আরএমটির দাবি, ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) চার দিনের কর্মসপ্তাহকে স্বেচ্ছামূলক বললেও এই পরিকল্পনা ‘বিদ্যমান চুক্তিগুলোকে দুর্বল করবে এবং কর্মপরিবেশ আরও খারাপ করবে’।
চলতি বছরের শুরুর দিকের ধর্মঘটগুলোতেও লন্ডন আন্ডারগ্রাউন্ড সেবায় ব্যাপক বিঘ্ন ঘটেছিল, যদিও অধিকাংশ লাইনে ট্রেন চলেছিল।
আরএমটি বলেছে, বিদ্যমান পাঁচ দিনের কর্মব্যবস্থায় থাকার চালকদের অধিকার সম্পর্কে তারা এখনো কোনো নিশ্চয়তা পায়নি। ইউনিয়নটির বিশ্বাস, প্রস্তাবগুলো শিফটের সময় ও নিশ্চয়তা আরও খারাপ করবে।
আরএমটির সাধারণ সম্পাদক এডি ডেম্পসি বলেন, ‘লন্ডন আন্ডারগ্রাউন্ড চালকদের কর্মপরিবেশের ওপর সর্বাত্মক আক্রমণকে স্বেচ্ছামূলক চার দিনের কর্মসপ্তাহ হিসেবে সাজানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমাদের সদস্যদের আরও বেশি সময় ট্রেন চালাতে, দীর্ঘ ও অনিশ্চিত শিফট মেনে নিতে এবং বহু বছর ধরে আলোচনার মাধ্যমে অর্জিত ও রক্ষিত চুক্তিগুলো ছেড়ে দিতে বলা হচ্ছে।’
ডেম্পসি আরও বলেন, ‘এটা কর্মজীবনের ভারসাম্য উন্নত করার বিষয় নয়। এটা কম চালক দিয়ে বেশি কাজ আদায়ের বিষয়, যেখানে ব্যবস্থাপনা আমাদের সদস্যদের ক্ষতির বিনিময়ে বেশি নমনীয়তা পাবে।’
এর আগে এপ্রিল ও জুন মাসে লন্ডনে একই ধরনের অত্যন্ত বিঘ্নসৃষ্টিকারী ধর্মঘট হয়েছিল, যদিও টিএফএল জোর দিয়ে বলেছিল প্রস্তাবগুলো সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং প্রধান চালক ইউনিয়ন আসলেফ পরিকল্পনাগুলোকে সম্পূর্ণ অনুমোদন দিয়েছে।

