প্রধানমন্ত্রী দে ওয়েভারের পদত্যাগপত্র গ্রহণ করলেন না বেলজিয়ামের রাজা ফিলিপ
বেলজিয়ামের রাজা ফিলিপ প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভারের পদত্যাগপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। শুক্রবার রাজা তাকে অবিলম্বে বাজেট আলোচনা আবার শুরু করতে বলেছেন; চলতি সপ্তাহের শুরুতেই ওই আলোচনা ভেস্তে গিয়েছিল।
বেলজিয়ামের রাজপ্রাসাদ শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘রাজা প্রধানমন্ত্রীর পদত্যাগ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাকে অবিলম্বে বাজেট আলোচনা আবার শুরু করতে বলেছেন।’
সপ্তাহব্যাপী বাজেট আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর চলতি সপ্তাহের শুরুতেই দে ওয়েভার রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
এরপর রাজা ফিলিপ বেলজিয়ামের জোট সরকারের পাঁচটি দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সিদ্ধান্তে পৌঁছান যে দে ওয়েভারের প্রধানমন্ত্রিত্বের অধীনেই তাদের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সম্ভাব্য পথ এখনো রয়েছে।
রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, পাঁচটি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাদের সঙ্গে আলোচনার পর রাজা লক্ষ করেছেন, তাদের প্রত্যেকেই যত দ্রুত সম্ভব বাজেট আলোচনা শেষ করতে চান। বিবৃতিতে আরও বলা হয়, পাঁচ দলনেতার কাছ থেকে রাজা আনুষ্ঠানিক প্রতিশ্রুতি পেয়েছেন যে সরকারের ভেতরে চুক্তিতে পৌঁছাতে তাদের দলগুলো ছাড় দিতে প্রস্তুত।
সরকার ২০২৯ সালের মধ্যে ১ হাজার কোটি ইউরোর বাজেট ঘাটতি পূরণের চেষ্টা করছে। তবে অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে জোটের শরিকদের মধ্যে মতবিরোধ রয়েছে।
ফ্লেমিশ সমাজতান্ত্রিক দল ভরুইত চাইছে সর্বোচ্চ আয়ের মানুষদের আরও বেশি অবদান রাখতে হবে। কিন্তু ফরাসিভাষী মধ্য-ডানপন্থী রিফর্মিস্ট মুভমেন্ট সেই প্রস্তাব বাতিল করেছে এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) সংস্কারেরও বিরোধিতা করেছে।
দে ওয়েভার এর আগে জরুরি বাজেট দিয়ে নতুন বছর শুরু করার সম্ভাবনা নাকচ করলেও চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন, দেশকে আবার সেই পথেই ফিরতে হবে।
ওই ব্যবস্থায় সরকার প্রতি মাসে আগের বছরের বাজেটের এক-দ্বাদশাংশ ব্যয় করতে পারে। পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় সংসদ সদস্যদের দে ওয়েভার বলেছিলেন, ‘এটি সরকারের এক ভয়াবহ ব্যর্থতা।’
রাজপ্রাসাদ জানিয়েছে, অগ্রগতির খবর জানাতে প্রধানমন্ত্রী ১০ দিন পর ১৬ নভেম্বর আবার রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন।


