ফ্লোরিডায় গ্রেপ্তার মেগান মার্কলের বাবা থমাস মার্কল সিনিয়র, শিশু নির্যাতনের ছবির অভিযোগে তদন্ত চলছে

ডাচেস অব সাসেক্স মেগান মার্কলের বিচ্ছিন্ন বাবা থমাস মার্কল সিনিয়রকে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পার বাইরে গ্রেপ্তার করা হয়েছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ফেডারেল অভিযোগ কী এবং গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ডেইলি মেইল ও নিউইয়র্ক পোস্টের প্রাথমিক খবরকে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসও সমর্থন করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই গ্রেপ্তারের আগে একটি তদন্ত শুরু হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, মার্কলের ছেলে থমাস মার্কল জুনিয়র ফিলিপাইনের সেবু সিটিতে তাঁর বাবার সাবেক বাড়িতে শত শত, সম্ভবত হাজার হাজার ছবি থাকা বাক্স খুঁজে পান বলে জানা যায়।
মার্কল জুনিয়র ফিলিপাইন পুলিশকে সতর্ক করেন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) যোগাযোগ করেন। এরপর দুই দেশের কর্তৃপক্ষই অভিযোগগুলো খতিয়ে দেখতে শুরু করে।
ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের সঙ্গে যুক্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে প্রায় ৭ হাজার ৫০০ ছবি ও একটি ভিডিও উদ্ধার করা হয়েছে, যেগুলোতে অপ্রাপ্তবয়স্ক শিশুদের দেখা গেছে বলে তারা বলছে।
স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার সচিব জনভিক রেমুলা বলেছেন, শিশুদের কারও কারও বয়স ১০ বা ১১ বছরের মতো মনে হয়েছে।
ফিলিপাইন পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় কয়েকটি স্টোরেজ ডিভাইসে সন্দেহভাজন শিশু যৌন নির্যাতন ও শোষণের উপাদান শনাক্ত হয়েছে। তবে তদন্তকারীরা জোর দিয়ে বলেছেন, এই ফলাফল এখনো প্রমাণ করে না যে ওই উপাদানের মালিক কে ছিলেন, কে তা তৈরি করেছেন বা কে তা ছড়িয়েছেন।
এফবিআই ফিলিপাইন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে। তদন্তকারীরা ডিভাইসগুলোর মালিকানা নির্ধারণ এবং আরও কেউ জড়িত ছিলেন কি না, তা জানার চেষ্টা করছেন।
৮২ বছর বয়সী মার্কল এর আগে শিশু নির্যাতনের ছবি রাখার কথা অস্বীকার করেছেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
তদন্ত ফিলিপাইনের বাইরেও ছড়িয়েছে। মেক্সিকোতে মার্কলের সঙ্গে যুক্ত বলে বলা আরেকটি উপাদানের ভাণ্ডার পরীক্ষা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
মেগান সম্প্রতি অভিযোগগুলো নিয়ে নীরবতা ভেঙে বলেছেন, খবরগুলোতে তিনি ‘গভীরভাবে মর্মাহত’ এবং ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে এমন শিশুদের নিয়ে উদ্বিগ্ন।
এক বিবৃতিতে তিনি আরও জানান, তাঁর বাবা সম্পর্কে ‘উদ্বেগজনক ও বিরক্তিকর অভিযোগ’ থাকা একটি চিঠি ২০১৮ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো হয়েছিল এবং পরে তা তাঁর সঙ্গে ভাগ করা হয়। তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
মেগান তাঁর বাবার সঙ্গে দীর্ঘদিনের বিচ্ছিন্নতার কথাও বলেন। তিনি বলেন, তাঁর সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে রক্ষা করতেই তিনি বাবাকে তাদের সঙ্গে যোগাযোগ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বৃহস্পতিবার তদন্তে আরেকটি মোড় আসে, যখন ফিলিপাইন কর্তৃপক্ষ থমাস মার্কল জুনিয়রকে এই তদন্তে আগ্রহের ব্যক্তি হিসেবে নাম ঘোষণা করে। রেমুলা বলেন, সেবুতে মার্কল জুনিয়রের বাড়িতে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা গিয়ে থাকতে পারে—এমন তথ্য তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তিনি জোর দিয়ে বলেন, ৬০ বছর বয়সী মার্কল জুনিয়রকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে না।
মার্কল সিনিয়র এ বছর শুরুর দিকে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। ফিলিপাইনে থাকাকালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়েছিল।



