সিলেটে দুধওয়ালায় মিষ্টি কিনে বাংলা কিউআরে দাম দিলেন গভর্নর মোস্তাকুর রহমান

সিলেটের পরিচিত মিষ্টি ও দুগ্ধজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান দুধওয়ালার উপশহর এবিসি পয়েন্টের আউটলেটে মিষ্টি কিনে বাংলা কিউআর পদ্ধতিতে দাম পরিশোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) নগদবিহীন লেনদেনে মানুষকে উৎসাহিত করতে এ কার্যক্রমে অংশ নেন তিনি।
এ সময় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের পরিচালক নওশাদ মোস্তফাসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নওশাদ মোস্তফা।
নওশাদ মোস্তফা বলেন, বাংলা কিউআরের মাধ্যমে একটি কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংকের গ্রাহকেরা লেনদেন করতে পারবেন। এতে গ্রাহকদের লেনদেনের খরচ কমবে এবং দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ হবে।
তিনি আরও বলেন, একই সঙ্গে কাগজের টাকা ছাপানোর খরচ এবং নগদ অর্থ ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যঝুঁকিও কমবে।
নওশাদ মোস্তফা বলেন, বাংলা কিউআর ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবেই গভর্নর দুধওয়ালার আউটলেটে বাংলা কিউআর ব্যবহার করে পণ্যের দাম পরিশোধ করেছেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) গ্রাহক প্রতিষ্ঠান দুধওয়ালা প্রায় চার মাস আগে বাংলা কিউআর ব্যবহারের আওতায় এসেছে। এরপর থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত এ ব্যবস্থায় পেমেন্ট গ্রহণ করছে।




