হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ ভেনেজুয়েলার নাগরিক গ্রেপ্তার, ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে বৃহস্পতিবার এক ভেনেজুয়েলার নাগরিককে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিস। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, চুরি করা একটি গাড়ির ভেতরে তাঁকে পাওয়া যায়, গাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল এবং তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ডিএইচএস জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সিক্রেট সার্ভিস কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির কাছে যান। ওয়াশিংটন ডিসির কনস্টিটিউশন অ্যাভিনিউতে গাড়িটি দাঁড় করানো অবস্থায় ভেতরে বসে তিনি সন্দেহজনক আচরণ করছিলেন বলে কর্মকর্তারা লক্ষ্য করেন।
ডিএইচএসের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি কর্মকর্তাদের বলেন, তাঁর মাথার ভেতরের কণ্ঠস্বর তাঁকে দেশের রাজধানীতে এসে ট্রাম্পকে হত্যা করতে বলছিল।
তদন্তের সময় কর্মকর্তারা তিনটি আগ্নেয়াস্ত্র আবিষ্কার করেন, যার মধ্যে একটি এআর-১৫ ধাঁচের রাইফেল ও দুটি হ্যান্ডগান ছিল। অস্ত্রগুলোর সঙ্গে কয়েক ডজন রাউন্ড গুলিও পাওয়া যায়।
ডিএইচএস সন্দেহভাজন ব্যক্তিকে ভেনেজুয়েলা থেকে আসা একজন অবৈধ অভিবাসী হিসেবে বর্ণনা করেছে।




