ব্রহ্মপুত্র খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন, বালু বাণিজ্য ও নদী দখলের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ।
শুক্রবার বিকেলে নগরীর কাচারীঘাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ।
এতে বক্তব্য দেন সংগঠনের সহমুখ্য সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক রুমেল, সংগঠক প্রকৌশলী এম এ জিন্নাহ, মো. কামরুজ্জামান সাজ ও মো. আসকর আলী।
বক্তব্য দেন আরও নাজমুল হাসান রাজু খান, মো. আনোয়ার হোসেন, শাহরিয়ার আহমেদ আশিক, সজীব আকন্দ, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহ, মো. আনোয়ারুল হক ও মো. রফিকুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, মৃতপ্রায় ব্রহ্মপুত্র নদে দখলদারদের দৌরাত্ম্য চলছে। নদ দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।
তাঁরা বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে প্রায় তিন হাজার কোটি টাকা প্রাথমিক ব্যয় ধরে খনন প্রকল্প নেওয়া হয়।
ব্রহ্মপুত্র নদের উৎসমুখ থেকে কাপাসিয়ার টোক পর্যন্ত ২২৭ কিলোমিটার খননের পরিকল্পনা ছিল। তবে প্রকল্প শুরুর সাত বছর পেরিয়ে গেলেও খননকাজের আশানুরূপ অগ্রগতি দৃশ্যমান হয়নি।
বক্তারা আরও বলেন, ব্রহ্মপুত্র নদ এ অঞ্চলের পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত।
তাই অপরিকল্পিত খনন, বালু বাণিজ্য ও দখলদারত্ব বন্ধ করতে হবে বলে দাবি জানান তাঁরা।
নদকে বাঁচাতে বৈজ্ঞানিক ও পরিকল্পিত উপায়ে খনন করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।


