…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি সংরক্ষণের দাবিতে সাইনবোর্ড ভাঙলেন এনসিপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ভাষাসৈনিক ও শহীদ মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ করে সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দাবিতে বাড়িটির সামনে জমির মালিকানা দাবি করে স্থাপন করা একটি সাইনবোর্ড ভেঙে ফেলেছেন দলটির মহানগর শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সাইনবোর্ড ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে অবস্থিত ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িটি সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি সেখানে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। বিভিন্ন মহল থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। সম্প্রতি বাড়িটির সামনে জমির মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড স্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি আরমা দত্ত।

সাইনবোর্ডে নিজেকে ওয়ারিশ সূত্রে জমিটির প্রকৃত মালিক উল্লেখ করে তিনি লেখেন, 'এই জমির প্রকৃত মালিক ওয়ারিশ সূত্রে আরমা দত্ত। পিতা মৃত সঞ্জিব দত্ত। দাগ নং ১৮০০, মৌজা ছোটরা, কুমিল্লা।'

এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, ঐতিহাসিক বাড়িটি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এর পুরোনো স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। তাঁদের দাবি, বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করতে হবে। বাড়িটি বিক্রির উদ্যোগ ঠেকানোর অংশ হিসেবে সাইনবোর্ডটি অপসারণ করা হয়েছে বলে জানান তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর এনসিপির নেতাকর্মীরা বাড়িটির সামনে জড়ো হন। এ সময় তাঁরা স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন। পরে মালিকানা দাবির সাইনবোর্ডটি ভেঙে ফেলেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আরমা দত্ত। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। আমি এর বৈধ ওয়ারিশ। এটা কুমিল্লাবাসীও জানে। তাই এ বাড়ির জায়গা আমি কী করব, রাখব না বিক্রি করব, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়।

সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক বলে জানিয়ে আরমা দত্ত বলেন, তিনি প্রশাসনকে বিষয়টি অবহিত করবেন।

এ ঘটনার পর রাতে এনসিপির কুমিল্লা মহানগর শাখার সদস্যসচিব মাসুমুল বারী কাওসারের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত বাড়িটি সাধারণ কোনো স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই এটি ব্যক্তিগত কেনাবেচার বিষয় হতে পারে না। বাড়িটি রাষ্ট্রীয় উদ্যোগে সংরক্ষণের দাবিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করার কথাও জানায় দলটি।

রাত ১০টার দিকে মাসুমুল বারী কাওসার বলেন, আমরা একটি ঐতিহাসিক বাড়ি রক্ষা করতে সাইনবোর্ড ভেঙে ফেলেছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। এ কাজে আশা করি সরকার ও ওয়ারিশ হিসেবে আরমা দত্তকে পাশে পাব। এ জায়গা বিক্রি কিংবা বহুতল ভবন করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, সাইনবোর্ড ভাঙার বিষয়ে এখনো কেউ তাকে অবহিত করেননি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে কুমিল্লার নিজ বাসভবন থেকে পাকিস্তানি সেনাবাহিনী তাকে ও তার ছেলে দিলীপ কুমার দত্তকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তাঁর নাতনি আরমা দত্ত একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

নওগাঁ জেলা জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান।…

রাজনীতি

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, আজ নয়াপল্টন থেকে শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে…

রাজনীতি

‘চাঁদাবাজ-মাফিয়াদের হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ’, চট্টগ্রামে মার্চ ফর ইনসাফে ইনকিলাব মঞ্চ

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাফিয়াদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।…

বিপ্লব ও সংহতি দিবসের ৫১ বছর: ৭ নভেম্বরের সিপাই-জনতার অভ্যুত্থান
রাজনীতি

বিপ্লব ও সংহতি দিবসের ৫১ বছর: ৭ নভেম্বরের সিপাই-জনতার অভ্যুত্থান

আজ ৭ নভেম্বর। বাংলাদেশের মানুষ দিনটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় …