নওগাঁ জেলা জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন মাহফুজুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ নিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান।
২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমির হিসেবে শনিবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক জেলা আমির অধ্যাপক এ এইচ এম আব্দুর রশিদ, সদ্য বিদায়ী জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি আ স ম মামুন শাহিন বক্তব্য রাখেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর নওগাঁয় অনুষ্ঠিত রোকন সম্মেলনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে জেলা আমির নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরে ৩ নভেম্বর কেন্দ্রীয়ভাবে মাওলানা মাহফুজুর রহমানকে নির্বাচিত জেলা আমির হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে মাওলানা মাহফুজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
এ ছাড়া বিভিন্ন সময়ে সংগঠনটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

